নিউজপোল ব্যুরো: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময় রাজধানীর পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা তৃণমূল নেত্রীর। তাঁর এই সফর ঘিরে জোর জল্পনা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে কি এবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশে মমতাকেও দেখা যাবে?
মমতার দিল্লি সফর ঘিরে একাধিক রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার বিরোধী জোটের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের কর্মসূচিতে তৃণমূলের ভূমিকা কী হবে, সেদিকেও নজর রয়েছে। কালীঘাট সূত্রের দাবি, দিল্লিতে থাকাকালীন আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী।
এদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির রাস্তায় ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে হওয়া সেই আন্দোলনে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে। কর্মসূচি ঘিরে পুলিশি বাধা ও বিরোধী নেতাদের আটকের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে মমতার দিল্লি যাত্রা নতুন মাত্রা যোগ করেছে।
এসআইআর নিয়ে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে পথে নেমেছে বিরোধী জোট। এবার সেই আন্দোলনে মমতা নিজে অংশ নেন কি না, সেদিকেই নজর সকলের।
