রাজনীতির পর এবার প্রশাসনিক দায়িত্বে মিঠুন, মিলল পূর্ণমন্ত্রীর মর্যাদা

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: একসময় পর্দায় ‘মহাগুরু’, তারপর রাজনীতির ময়দানে সক্রিয় মুখ। এবার প্রশাসনিক ক্ষেত্রেও নতুন ভূমিকায় মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এই দায়িত্বের সঙ্গে তাঁকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এই নতুন দায়িত্ব সামনে আসার সময় অবশ্য উত্তরবঙ্গেই রয়েছেন মিঠুন। চার দিনের সফরে বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি নিয়েও নিজের মত জানান অভিনেতা-রাজনীতিক। তাঁর বক্তব্যে মোদীর দীর্ঘ প্রশাসনিক পথচলার প্রশংসা শোনা যায়।

বাগডোগরা থেকে সড়কপথে জলপাইগুড়ির চাপড়ামারি ফরেস্ট রেস্ট হাউসের দিকে রওনা দেন মিঠুন। সফরসূচিতে রয়েছে পরিবেশ, বন ও পর্যটন সংক্রান্ত একাধিক বৈঠক। সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও রাজ্য সরকারের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, প্রতিমন্ত্রী বিশাল লামা এবং বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাঁওয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

চার দিনের সফর শেষে ১০ অক্টোবর কলকাতায় ফেরার কথা মিঠুনের। ফলে অভিনয়ের পাশাপাশি রাজনীতি পেরিয়ে প্রশাসনিক দায়িত্বে তাঁর এই নতুন অধ্যায় নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।