‘কারও ক্ষতি করে সমৃদ্ধি নয়’, বিশ্বমঞ্চে ভারতের নীতি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদী

দেশ

নিউজপোল ব্যুরো: আন্তর্জাতিক রাজনীতিতে টানাপোড়েন, বাণিজ্যে অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ—এই পরিস্থিতিতে ভারতের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করেন, অন্য দেশকে পিছনে ফেলে বা কারও উপর আধিপত্য কায়েম করে এগিয়ে যাওয়া ভারতের লক্ষ্য নয়। বরং পারস্পরিক সহযোগিতা ও সাধারণ মানুষের ক্ষমতায়নের উপরেই জোর দেন তিনি।

ভারতের পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে দেশকে ‘গণতন্ত্রের মা’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের ভাষাগত বৈচিত্র্য, সংবাদমাধ্যমের বিস্তার এবং ডিজিটাল যোগাযোগের বিপুল পরিসর। মোদীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১০০টিরও বেশি ভাষার প্রচলন রয়েছে। দেশে প্রায় ৮০ হাজার নিবন্ধিত সংবাদপত্র এবং এক হাজারের বেশি স্যাটেলাইট টিভি চ্যানেলও সক্রিয়। পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি বলে জানান তিনি।

অর্থনৈতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। একই সময়ে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের উন্নয়ন, গণতান্ত্রিক বৈচিত্র্য এবং সহযোগিতার নীতিকেই সামনে আনেন মোদী।