নিউজপোল ব্যুরো: মোবাইলের পর্দায় একসঙ্গে গেম খেলা থেকেই শুরু হয়েছিল পরিচয়। তার মধ্যে তৃতীয় এক তরুণীর প্রবেশ ঘিরে তৈরি হয় মনোমালিন্য। আর সেই বিবাদই কি শেষ পর্যন্ত বরানগরের অঞ্জলি সাউয়ের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনল? ২৬ বছরের তরুণীর রহস্যময় মৃত্যুর তদন্তে এবার সামনে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে খবর, অঞ্জলির সঙ্গে ধরমবীর নামে এক ব্যক্তির আগে থেকেই যোগাযোগ ছিল। দু’জনে একসঙ্গে পাবজি খেলতেন। কিন্তু পরে ধরমবীর অন্য এক তরুণীর সঙ্গে গ্রুপ তৈরি করে খেলতে শুরু করেন। বিষয়টি নিয়ে অঞ্জলির সঙ্গে তাঁর বচসা বাধে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই বিবাদের জেরেই অঞ্জলিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে ধরমবীরকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে একটি বন্ধ ফ্ল্যাট থেকে অঞ্জলির নিথর দেহ উদ্ধার হয়েছিল। প্রাথমিক ময়নাতদন্তে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নের পাশাপাশি শ্বাসরোধের বিষয়টিও উঠে এসেছে। তবে তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অঞ্জলির মোবাইল ফোন। তাঁর মৃত্যুর পরেও সেই নম্বর থেকে বাবার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ ও ফোন এসেছিল।
