শীতের মুখেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, বাংলায় কি ফের দুর্যোগ?

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: নভেম্বরের মাঝামাঝি ধীরে ধীরে বাংলায় ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। ভোরের দিকে হালকা ঠান্ডা, রাতেও কমছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে আবহাওয়ার অস্থিরতা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

আগামী ১৪ নভেম্বর সেটি সুস্পষ্ট নিম্নচাপ এবং ১৫ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয়ের ইঙ্গিতও মিলেছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতাতেও বাড়বে শীতের অনুভূতি।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বৃষ্টির দাপট বাড়তে পারে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও এখনই বাংলায় বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপের শক্তি ও গতিপথ কোন দিকে যায়, সেদিকেই নজর।