নিউজপোল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও তার প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে দেয়নি কেন্দ্রীয় সরকার। ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বড় অঙ্কের আর্থিক বোঝা নিজেরাই বহন করছে। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সম্মেলনে জ্বালানির দাম এবং কৃষকদের জন্য সরকারি সহায়তার খতিয়ান তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, “মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল।” তাঁর দাবি, প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
প্রধানমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী দেশে ডিজেলের দাম লিটারপিছু প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত। কিন্তু সাধারণ নাগরিক ও কৃষকদের কথা মাথায় রেখে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র নিজেই সামলাচ্ছে। এর ফলে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে বলেও জানান তিনি।
কৃষকদের জন্য সারের ভর্তুকির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গত ১২ বছরে সস্তায় সার দিতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে ৫ হাজার টাকার ডিএপি সারের বস্তা দেশের কৃষকরা পাচ্ছেন মাত্র ১,৩০০ টাকায়। কৃষির উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
