অভিষেকের রক্ষাকবচ কি এবার খাদের কিনারায়? জমানা বদলের বাংলায় এবার কি সত্যিই শ্রীঘরে যাবেন অভিষেক?

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টে মঙ্গলবারের শুনানির পর আবারও আলোচনার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ অভিষেককে নতুন কোনো স্বস্তি বা রক্ষাকবচ দিতে পরিষ্কার অস্বীকার করেছে।

উল্টোদিকে এই মামলা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিলেন বিচারপতি। বিচারপতির এই আচমকা সরে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনি ভবিষ্যৎ নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর থাকা পুরনো সুরক্ষাকবচটি এখন মারাত্মক বিপদে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-এর দাবি, এর আগে আদালত অভিষেককে যে শর্তে রক্ষাকবচ দিয়েছিল, তার প্রধান নিয়মই ছিল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা। কিন্তু  ইডির পাঠানো নোটিসে অভিষেক বারবার সাড়া দেননি।আদালত যদি মনে করে যে তদন্তে সাহায্য না করে অভিষেক সুরক্ষার শর্ত ভেঙেছেন, তবে সিবিআই ও ইডি সেই সুযোগ পুরোদমে হাতছাড়া করবে না। তারা সরাসরি আদালতকে অনুরোধ করতে পারে যেন অভিষেকের ওপর থেকে এই সুরক্ষাকবচ তুলে নেওয়া হয়। আর তেমনটা হলে কেন্দ্রীয় সংস্থাগুলি অভিষেককে সরাসরি হেফাজতে নিয়ে জেরা করার আইনি ক্ষমতা পেয়ে যেতে পারে।

ফলে এখন নজর প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে। মামলাটি কোন বেঞ্চে যাবে, তদন্তের পরবর্তী ধাপ কী হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অবস্থান ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে—তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।