নিউজপোল ব্যুরো: পিসির জমানা শেষ হতেই এবার কি খাঁড়া নামতে চলেছে হুমায়ুন কবীরের ঘাড়ে? নওদার দাপুটে বিধায়ক হুমায়ুন কবীর এবার ত্রিমুখী সাঁড়াশি চাপের মুখে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুর থানাতেও তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো বক্তব্য রাখার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজেপি মজদুর সেলের পক্ষ থেকে করা এই অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন এবং শান্তি নষ্ট করার চেষ্টা করেছেন হুমায়ুন। কলকাতার এই মামলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও হুমায়ুনের জন্য বড় বিপদ তৈরি হয়েছে। রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ তাঁর বিরুদ্ধে হওয়া দুটি স্বতঃপ্রণোদিত মামলার তদন্তে হাজিরার নোটিশ পাঠিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ তাঁর শক্তিপুরের বাড়িতে পৌঁছায়। কিন্তু বিধায়ক বাড়িতে না থাকায়, তাঁর স্ত্রী মীরা সুলতানার হাতে নোটিশ দুটি তুলে দেওয়া হয়। পুলিশের কড়া নির্দেশ, শক্তিপুর থানার মামলায় আগামী ৩ জুলাই এবং রেজিনগর থানার মামলায় ৪ জুলাই তদন্তকারী অফিসারের সামনে সশরীরে হাজির হতে হবে হুমায়ুন কবীরকে।
পুলিশ পরিষ্কার জানিয়েছে, সঠিক সময়ে হাজিরা না দিলে বা তদন্তে সহযোগিতা না করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক সভায় এমন কিছু উসকানিমূলক কথা বলেছেন যা আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং এক পুলিশ অফিসারকেও হুমকি দিয়েছেন।এরই মধ্যে নিজের বিধায়ক পদ ছেড়ে নিজের ছেলে গোলাম নবী আজাদকে ভোটে দাঁড় করানোর যে পরিকল্পনা হুমায়ুন করেছিলেন, তা এখন বড়সড় ধাক্কা খেল। এখন সবার নজর আগামী ৩ ও ৪ জুলাইয়ের দিকে। হুমায়ুন কি পুলিশের মুখোমুখি হবেন, নাকি আইনি জটিলতা আরও বাড়বে, সেটাই এখন দেখার।
