নিউজ পোল ব্যুরো: ভোট যত এগোচ্ছে, ততই জমছে ভাঙড়ের (Bhangar) রাজনৈতিক লড়াই। শাসকদলের ভিতরেই শুরু হয়েছে ‘ঘর ভাঙার খেলা’। এবার তৃণমূলেরই (TMC) এক প্রভাবশালী নেতার ভাই যোগ দিলেন বিরোধী শিবির আইএসএফকে (ISF)। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে।
ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকের বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের দাপুটে নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফুল ইসলাম এবার নাম লেখালেন আইএসএফ-এ (ISF)। এই রদবদলের ধাক্কা সরাসরি তৃণমূলের অন্দরমহলে। কারণ, খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূল (TMC) ‘ওবজার্ভার’ তথা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর শওকতের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় আরাবুল ইসলাম (Arabul Islam) শিবির।
আর তাই আশরাফুলের দলবদল নিছক ভাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এ যেন ভাঙড়ের দলীয় সংঘাতেরই প্রকাশ। সেই কারণেই সমাজমাধ্যমে (Social Media) শুরু হয়েছে পোস্ট-পাল্টা পোস্ট। মুখ খুলেছেন খোদ আরাবুলপুত্র ও জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম। পাল্টা বক্তব্যে শাসকদলের অবস্থান ব্যাখ্যা করেছেন খয়রুল নিজেও।
তবে এখানেই শেষ নয়। ভাঙড়ের (Bhangar) মাটি যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর, তাই এই দলবদল ভোটের অঙ্কেও বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের (TMC) অন্দরে যখন ভাঙনের সুর, ঠিক তখনই উচ্ছ্বসিত আইএসএফ নেতৃত্ব।
দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএসএফ সভাপতি আব্দুল মালেক মোল্লা জানিয়েছেন, “তৃণমূলের ‘ভাইয়ে ভাইয়ে’ বিভাজনই আমাদের শক্তি। আশরাফুলের মতো নেতার যোগদান আমাদের মাটি শক্ত করবে।” এই পরিবর্তনের প্রেক্ষিতে বিজেপিও মুখ দেখতে শুরু করেছে। সন্দীপ মৃধার মতে, “তৃণমূল এখন টিকে আছে ভাগ-বাটোয়ারার খেলায়। মানুষ আসল বিকল্প খুঁজছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
