Air India Express: যাত্রী নিরাপত্তা নিয়ে ছিনিমিনি? ফাঁস এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ জালিয়াতি

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের (India) বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি এয়ারবাস A320 বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ সময়মতো প্রতিস্থাপন না করেই সফটওয়্যার রেকর্ড ‘এএমওএস’-এ তা করা হয়েছে বলে জাল তথ্য উপস্থাপন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, এমন অনিয়ম সরাসরি যাত্রী নিরাপত্তাকে বিপন্ন করে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) মার্চ মাসে বিমান সংস্থাটিকে কড়া সতর্কতা জারি করে।

আরও পড়ুন: Samik Bhattacharya: নিশানায় ২০২৬, দৌড় শুরু ‘পদ’ বাঁচাতে! শমীক যুগে বঙ্গ বিজেপিতে আসছে বড় রদবদল

বিমান সংস্থার (Air India Express) দাবি, তাদের মনিটরিং সফটওয়্যারে রেকর্ড স্থানান্তরের সময় ত্রুটির কারণে যন্ত্রাংশ প্রতিস্থাপনের নির্ধারিত তারিখ মিস হয়েছে। তবে সেই ভুল দ্রুত সংশোধন করা হয়েছে এবং তদন্তের পর মান ব্যবস্থাপককে অপসারণ ও একজন ডেপুটি কন্টিনিউইং এয়ারওয়ার্দিনেস ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে।ডিজিসিএর (DGCA) ২০২৪ সালের অক্টোবরে পরিচালিত নিরীক্ষায় প্রথম এই ভুল ধরা পড়ে, যেখানে দেখা যায়, সিএফএম ইঞ্জিনের যন্ত্রাংশ প্রতিস্থাপন না করেই তা করা হয়েছে বলে রেকর্ডে দেখানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট বিমানটি সীমিত সংখ্যক ফ্লাইটেই ব্যবহৃত হয়েছিল, বিশেষজ্ঞরা জানিয়েছেন – আকাশে এমন ঝুঁকি ভয়াবহ বিপদের কারণ হতে পারে। ভারতের প্রাক্তন বিমান দুর্ঘটনা আইন বিশেষজ্ঞ বিভূতি সিং বলেন, “সমুদ্রের উপর দিয়ে বা দুর্গম অঞ্চলের কাছে বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটি বড় বিপর্যয়ের রূপ নিতে পারে।”

গত বছর নিরাপত্তা লঙ্ঘনের কারণে DGCA অন্তত ২৩টি ঘটনায় বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছিল, যার মধ্যে তিনটি ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) সংক্রান্ত। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া গ্রুপের এই ঘটনা দেশের বিমান পরিবহনের ওপর জনসাধারণের আস্থা নিয়ে বড় প্রশ্ন তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT