নিউজ পোল ব্যুরো: দেশে বর্ষা প্রবেশ করতেই ভয়ানক অবস্থা হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনায় প্রায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে (Monsoon Hit In Himachal) রাজ্যের বেশ কিছু অংশের জনজীবন বিপর্যস্ত। ৩৭ জন নিখোঁজ এবং ১১০ জন আহত হয়েছেন। উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রাও সাময়িক ভাবে বন্ধ রেখেছে। শুক্রবার বিকেলে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ।
৭ জুলাই, সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষা শুরু হওয়ার পর থেকে ১৪টি পৃথক মেঘ ভাঙা বৃষ্টির খবর মিলেছে যার ফলে রাস্তাঘাট, পানীয় জল প্রকল্পের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,ত্রাণ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। শুধুমাত্র মান্ডি থেকেই কমপক্ষে ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। টানা বিপর্যয়ের খবর আসতেই শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং কেবল হিমাচল নয়, গুজরাট ও রাজস্থান সহ বর্ষাকালে ক্ষতিগ্রস্ত অন্যান্য রাজ্যের জন্য ত্রাণ ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
২০ জুন হিমাচল প্রদেশে বর্ষা (Monsoon Hit In Himachal) প্রবেশ করে এবং প্রতি বছরের মতো, রাজ্যজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, শুধুমাত্র মান্ডি জেলাতেই ১২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে কাংড়ায় ১৩ জন, চাম্বায় ৬জন এবং শিমলায় পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও টানা বৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং ১৪টি সেতু ভেসে গিয়েছে। ১৬৪টি গবাদি পশু সহ প্রায় ৩০০ পশুর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে রাজ্য জুড়ে ৫০০টিরও বেশি রাস্তা বন্ধ এবং ৫০০টিরও বেশি বিদ্যুৎ বিতরণ ট্রান্সফরমার অকেজো হয়ে পড়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আক্ষরিক অর্থেই অন্ধকারে রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
