Jacqueline Fernandez: হাই কোর্টে খারিজ জ্যাকলিনের আর্জি, সুকেশ কাণ্ডে বাড়ল চাপ!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: শোকের ছায়া কাটতে না কাটতেই ফের আইনি বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সদ্য মাকে হারিয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী। জ্যাকলিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। সুকেশ চন্দ্রশেখরের (Sukhesh Chandrasekhar) ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে অভিনেত্রী। নিজের নাম মুছে ফেলার জন্য দিল্লি হাই কোর্টে অভিযোগ বাতিলের আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি অনীশ দয়াল সেই আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন:Santanu Sen: মেডিক্যাল কাউন্সিলে দোষী সাব্যস্ত! আর চিকিৎসা করতে পারবেন না শান্তনু সেন

দিল্লি হাই কোর্টের বিচারপতি অনীশ দয়াল (Anish Dayal) স্পষ্ট জানিয়ে দেন, এই মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। সেই কারণে তার নাম মামলার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। প্রসঙ্গত, এই মামলায় ইডি (Enforcement Directorate) জ্যাকলিনের বিরুদ্ধেও মামলা রুজু করেছে। ইডি’র দাবি, সুকেশের কাছ থেকে জ্যাকলিন একাধিক বহুমূল্য উপহার গ্রহণ করেছেন। উপহারের তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি, হীরে-জহরত, বিদেশি পশুর ছাল, প্রমোদতরী ভ্রমণের অফার, এমনকি বিদেশের আঙুরের ক্ষেতও। শুধু তাই নয়, সংশোধনাগারে বন্দি থাকাকালীন সুকেশ অভিনেত্রীকে প্রেমপত্রও পাঠিয়েছেন এবং তাকে ‘প্রেয়সী’ বলে সম্বোধন করেছেন বলে আদালতে জানিয়েছে ইডি।

জ্যাকলিনের (Jacqueline Fernandez) দাবি, তিনি সুকেশের প্রকৃত পরিচয় জানতেন না। তার মেকআপ আর্টিস্টের মাধ্যমে সুকেশের সঙ্গে পরিচয় হয় এবং সে নিজেকে একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলে দাবি করে। প্রতারকের ফাঁদে পড়ে তিনি অনিচ্ছাকৃতভাবে যুক্ত হয়ে পড়েন বলেও দাবি করেন অভিনেত্রী। তবে ইডির আইনজীবী জোহেব হোসেন আদালতে পাল্টা যুক্তি দেন, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরেও জ্যাকলিন তার থেকে উপহার নিতে পিছুপা হননি। বরং সম্পর্ক বজায় রেখেছিলেন। এই তথ্যপ্রমাণের ভিত্তিতেই মামলায় জ্যাকলিনের নাম রাখা হয়েছে।

জ্যাকলিনের (Jacqueline Fernandez) পক্ষে আইনি লড়াই এখানেই শেষ নয়। হাই কোর্টের এই রায় তার পক্ষে বড় ধাক্কা হলেও, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা। তবে এই মুহূর্তে তার ভবিষ্যৎ কেরিয়ার ও মানসিক অবস্থার উপর এই মামলা বড় প্রভাব ফেলছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। বর্তমানে জ্যাকলিন ফার্নান্ডেজের জীবন যেন এক সংকটময় অধ্যায় অতিক্রম করছে। ব্যক্তিগত শোকের পাশে দাঁড়িয়ে রয়েছে এক জটিল আইনি লড়াই। এখন দেখার, তদন্তে নতুন কী উঠে আসে এবং সেই অনুযায়ী জ্যাকলিনের পরবর্তী পদক্ষেপ কী হয়। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর জন্য আগামী দিনগুলি যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT