নিউজ পোল ব্যুরো: ভোট যত এগিয়ে আসছে বাংলায় ততই ছড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে বিজেপির দিলীপ ঘোষ তৃণমূলে আসবেন কিনা তা নিয়ে জল্পনার যেমন শেষ নেই অন্যদিকে তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন বিজেপিতে যাবেন কিনা চর্চা চলছে। গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। নেপথ্যে তাঁর বিদেশি ডিগ্রি বিতর্ক। রাজ্য মেডিক্যাল কাউন্সিল ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূলের প্রাক্তন সাংসদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতে মিলেছে স্বস্তি। আদালত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিয়েছে। গত এক বছর দলের সঙ্গে যে টানাপোড়েন চলছে তা দেখেই জল্পনা শান্তনু সেন কি তাহলে বিজেপিতে যাচ্ছেন। সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন তিনি।
শান্তনুর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় গত বছরের অগস্টে আরজি কর-কাণ্ডের পর। সেই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলার পর থেকে যাবতীয় ঘটনার সূত্রপাত। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। একধিক ইস্যু নিয়ে করেছিলেন মন্তব্য । তারপরেই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে সাসপেন্ড করে। সেই ঘটনার পর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল দু’বছরের জন্য তাঁর যে রেজিস্ট্রেশন বাতিল করে। আদালতের রায়ের পরেই সাংবাদিক বৈঠক করেন শান্তনু সেন । সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় তিনি কি এবার বিজেপি-তে যোগ দেবেন তিনি? তারই জবাবে তিনি বলেন, “এই দলটা করার জন্য মার খেয়েছি। আমার পরিবার আক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দু’দুবার কাউন্সিলর করেছেন। রাজ্যসভার সাংসদ করেছেন, দলের মুখপাত্র করেছেন। আমার স্ত্রী এখন কাউন্সিলর। আমি এতটাও বেইমান নই যে সেই দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূলের অনুগত সৈনিক ছিলাম, আছি, থাকব।”
প্রসঙ্গত, রাজ্য মেডিক্যাল কাউন্সিল গত সপ্তাহে গ্লাসগোর সাম্মানিক ডিগ্রি ‘ভুয়ো’ বলে দাবি তুলে শান্তনু সেনের (Santanu Sen) রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেন তিনি। সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দেন। জানান, শান্তনু সেনের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিল যে পদক্ষেপ করেছে, তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাননি। তবে লেটার হেড লিখতে হবে ফেলোশিপ ডিগ্রি এমনটাই শান্তনু সেনের উদ্দেশে আদালত বার্তা দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=p1afHpHJWa5-cEhQ
