Bidhan Nagar: বিধাননগরে সাড়ম্বরে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ষাবরণ অনুষ্ঠান

কলকাতা রাজ্য সংস্কৃতি

দেবোপম সরকার, কলকাতা: নিশ্বাসে বৃক্ষ, প্রাণে প্রকৃতি। এই মূলমন্ত্রেই আবারও এক অনন্য পরিবেশপ্রেমী উদ্যোগের সাক্ষী রইল বিধাননগর (Bidhan Nagar)। “একটি গাছ একটি প্রাণ” শুধু একটি স্লোগান নয়, এই বার্তা যেন নতুন করে ছুঁয়ে গেল সবার হৃদয়কে। ২৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ও বিধাননগর (Bidhan Nagar) পৌর নিগমের মহানগরীক কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে CJ ব্লকে আয়োজিত হল এক অভিনব বৃক্ষরোপণ ও বর্ষা বরণ অনুষ্ঠান।

আরও পড়ুন: Dhanbad: সিনেমা নয়, বাস্তব! অপারেশন থিয়েটারে ছাদ ফুঁড়ে নামল কুকুর! আহত নার্স, আতঙ্কে রোগী

এই অনুষ্ঠানে লক্ষ্য ছিল ১০০০টি গাছ রোপণের, যার মধ্যে প্রতীকী গাছগুলি CJ ব্লকের পার্কে রোপণ করা হয় উপস্থিত অতিথিদের হাতে। বর্ষার (Rain) আগমনী বার্তাকে সামনে রেখেই শান্তিনিকেতনের আদলে আয়োজিত হল বর্ষাবরণ উৎসব, যা আরও একবার তুলে ধরল প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী তথা বিধাননগরের (Bidhan Nagar) বিধায়ক সুজিত বোস (Sujit Bose), রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee) এবং পৌর নিগমের অন্যান্য পৌর পিতা-মাতা ও আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারা এবং বিশিষ্ট অভিনেত্রী গার্গী চট্টোপাধ্যায়, যার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

এদিন কৃষ্ণা চক্রবর্তী জানান, “আজ যে গাছগুলি আমরা লাগাচ্ছি, একদিন তারাই ছায়া দেবে, অক্সিজেন দেবে, আর আমাদের শহরের শ্বাসপ্রশ্বাস হবে কিছুটা স্বচ্ছ।” তিনি আরও বলেন, “বাড়ির গাছ কেটে ফেলা হচ্ছে কোনও যুক্তিতে, কিন্তু গাছ না থাকলে বাড়িই বা থাকবে কোথায়? আমাদের পরবর্তী প্রজন্মকে ছোট থেকেই গাছের গুরুত্ব বোঝাতে হবে – এই দায়িত্ব আমাদের সবার।”

বর্ষাকালকে মাথায় রেখে পৌরকর্মীদের জন্য বিতরণ করা হয় ১০০০টি ছাতা, যাতে খারাপ আবহাওয়াতেও পরিষেবা ব্যাহত না হয়। সুজিত বোস অনুষ্ঠানে জানান, “শুধু গাছ লাগানো নয়, বর্ষার আগে বিধান নগরে আরেকটি নতুন বেলী ব্রিজ উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার স্থান ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং দুর্গাপূজোর আগেই তা চালু হবে।” এই অনুষ্ঠান শুধু একটি গাছ লাগানোর প্রচেষ্টা নয়, এটি ছিল মানুষের সঙ্গে প্রকৃতির আত্মিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। শহর যখন সবুজ হয়, তখনই তো জীবন হয় সত্যিই প্রাণবন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT