নিউজ পোল ব্যুরো: বর্তমানে ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) ঘটনায় বেশ আতঙ্কে সাধারণ মানুষ। নিজেদের গচ্ছিত সম্পত্তিকে সুরক্ষিত রাখাও এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে। মন কি বাত অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে সতর্ক করেছেন। সেই সতর্কবাণীর পরেও এবার বাংলার এক রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন। ডিজিটাল অ্যারেস্টে হারিয়েছেন লাখ নয় এক কোটির বেশি টাকা।
সাইবার অপরাধীরা গত বছর থেকেই ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) মাধ্যমে একের পর এক শিকার ধরতে থাকে। কখনো ভুয়ো পুলিশ, গোয়েন্দা, বিচারক বা সুরক্ষার সঙ্গে যুক্ত সরকারি কোনও কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কিছু বুঝে ওঠার আগেই হাতিয়ে নিচ্ছে টাকা সম্পত্তি। বহু শিক্ষিত মানুষও ভয় পেয়ে এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। তেমনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন বেলঘরিয়ার শীতলাতলা রোডের বাসিন্দা সুশান্তকুমার আচার্য। তিনি অভিযোগ করেছেন তাঁকে , ১৭ জুন থেকে ৪জুলাই পর্যন্ত ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। সুশান্তবাবু জানিয়েছন একটি ফোন থেকেই সমস্ত ঘটনার শুরু। কখনও মুম্বই পুলিশ, কখনও CBI অফিসার পরিচয় দিয়ে তাঁকে জানানো হয় তাঁর আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে আর্থিক নয়ছয় করা হয়েছে। এই কথা বলেই তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। তার পর থেকেই বেশ কয়েকদফায় সাইবার অপরাধীদের কথামত কয়েক কোটি টাকা পাঠান। সুশান্তকুমার আচার্য জানান তাঁরা ভুল করেও বুঝতে পারেননি যে তাঁদের জালিয়াতির শিকার হয়েছেন।
সুশান্তকুমার আচার্য পুলিশকে জানিয়েছেন, দফায় দফায় টাকা নেওয়ার পর তাঁকে জানানো হয় তিনি তাঁর দেওয়া এই টাকা তখনই ফেরত পাবেন যখন তিনি তাঁর বাড়ি বন্দক রাখবেন। আর এই কথা শুনেই সন্দেহ হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এই বিষয়ে সুশান্তকুমার আচার্য প্রথমে লালবাজারে অভিযোগ জানান । লালবাজার থেকেই তাঁকে বলা হয় বেলঘরিয়া থানায় অভিযোগ জানানোর কথা। সেই কথা মতই সুশান্ত অভিযোগ জানান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে। ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) নিয়ে সাধারণ মানুষকে সতর্কও করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
