Mohammad Siraj: স্নায়ুতে কাবু রাখুন DSP সাব!

ক্রিকেট ক্রীড়া

শুভম দে: হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় শনিবার থেকেই চড়ছিল পারদ। রবিবার‌ও দিনভর যে উত্তাপ বাড়লো ব‌ই কমলো না। চতুর্থ দিনের শুরুতেই নড়বড়ে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী মেজাজে সেলিব্রেশনে মাতেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। তবে সেই উল্লাস শেষমেশ বুমেরাং হয়ে ফিরে এল তার দিকেই। আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিরাজকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আরও পড়ুন: Wimbledon 2025: লাল সুড়কির রিপিট টেলিকাস্ট হলো না ঘাসের কোর্টে, সিনারে থমকে গেল আলকারাজের হ্যাটট্রিক

চতুর্থ দিন সকাল থেকেই ভারতীয় পেসারদের সামনে স্বচ্ছন্দে ছিলেন না ইংল্যান্ডের আরেক ওপেনার জ্যাক ক্রলি। তবে ছন্দে ছিলেন ডাকেট। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সিরাজকে (Mohammad Siraj) বাউন্ডারিতে পাঠান। তবে পঞ্চম বলে মিড-অন দিয়ে ফের বাউন্ডারি মারতে গিয়ে জসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হতেই সিরাজ সরাসরি এগিয়ে যান ডাকেটের দিকে। ‘কাম অন’ ‘কাম অন’ বলতে বলতে রণং দেহী মেজাজে তেড়ে যান ইংরেজ ওপেনারের দিকে।

ডাকেট অবশ্য সিরাজের কথায় কোন‌ও প্রতিক্রিয়া দেননি। এগিয়ে যেতে থাকেন সাজঘরের দিকে। আর তখন‌ই তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন সিরাজ (Mohammad Siraj)। এই আচরণ আইসিসি’র লেভেল ১ ধরণের অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সেই অনুযায়ী রিপোর্ট জমা করেন ম্যাচ শেষে।

আইসিসির বিবৃতি অনুযায়ী, সিরাজ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে একটি টেস্ট নির্বাসিত হতে হবে তাঁকে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi

অন্যদিকে পঞ্চম দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন এখন‌ও ১৩৫ রান। তবে চতুর্থ দিনের শেষে ইতিমধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছেন গিলরা। লর্ডসের ‘স্লোপ’ কাজে লাগিয়ে দারুণ ফায়দা তুলেছেন ইংরেজ পেসার ব্রাইডন কার্স। অধিনায়ক এবং করুন নায়ারকে ফিরিয়ে শেষবেলায় সিরিজে ভারতের ২-১ লিড নেওয়ার পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন তিনি। ক্রিজে রয়েছেন কে এল রাহুল ৩৩(৪৭)*। এখন দেখার পঞ্চম দিন স্নায়ু আর মনস্তাত্ত্বিক লড়াইয়ে কে কাবু রাখতে পারে। কারণ লড়াই এখন মাঠের থেকে‌ও বেশি মনের অর্থাৎ স্নায়ুর।