Wimbledon 2025: লাল সুড়কির রিপিট টেলিকাস্ট হলো না ঘাসের কোর্টে, সিনারে থমকে গেল আলকারাজের হ্যাটট্রিক

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: টেনিসের ইতিহাসে আরও এক নতুন অধ্যায়। উইম্বলডনের (Wimbledon 2025) ঘাসে উঠে এল নতুন নাম— ইয়ানিক সিনার। রবিবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন খেতাব জিতলেন ইতালিয়ান সেনসেশন সিনার।

আরও পড়ুন: Wimbledon 2025: একটা যুগের অবসান আর নতুন যুগের সূচনা? জোকোভিচের পরাজয় কি তাই ইঙ্গিত করছে?

৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ স্কোরলাইনে ফরাসি ওপেনের ছবিটা বদলে ফেললেন ২৩ বছরের সিনার। ফাইনালে (Wimbledon 2025) দুরন্ত খেলেছেন দুই তারকাই, তবে মনের জোর আর ধৈর্যের পরীক্ষায় এগিয়ে গিয়েছেন সিনার। প্রথম সেট হারলেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বুদ্ধিদীপ্ত সার্ভিস, শক্তিশালী ব্যাকহ্যান্ড আর একের পর এক ক্লিন হিটে চাপে ফেলেন আলকারাজকে।

ম্যাচ (Wimbledon 2025) শেষে সিনারের প্রতিক্রিয়া ছিল আবেগঘন, “এই মুহূর্তটা স্বপ্নের মতো। উইম্বলডনের ট্রফি ছুঁতে পারা, তাও এমন এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে, এটা আমার জীবনের সেরা দিন।” অন্যদিকে, পরাজিত হলেও আলকারাজ জানিয়েছেন, “সিনার আজ দুর্দান্ত খেলেছে। আমি চেষ্টা করেছি, কিন্তু ও আজ আমার থেকে ভালো ছিল। সামনে আরও সুযোগ আসবে।”

মাসখানেক আগে লাল সুড়কির কোর্টে সাড়ে পাঁচ ঘণ্টার এক হার না মানা লড়াই দেখেছিল টেনিস বিশ্ব এই দুজনের মধ্যেই। স্বাভাবিকভাবেই তাই ঘাসের কোর্টেও ফের আলকারাজ-সিনার দ্বৈরথের মজা নিতে মুখিয়ে ছিলেন দর্শকরা। আর হলো‌ও তাই। উইম্বলডন ফাইনালে নিরাশ হতে হয়নি তাদের। লড়াই করলেন দুজনেই। তবে দিনটা যেন ছিল ইতালিয় তরুণের। তাঁর নিঁখুত কৌশলে রীতিমত অসহায় আত্মসমর্পণ করলেন আলকারাজ।

অস্ট্রেলিয় ওপেন, ইউএস ওপেনের পর এবার উইম্বলডন‌‌ও (Wimbledon 2025) পকেটে পুরলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় সিনার। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের জন্য বাকি শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেন। এই জয়ের ফলে ইতালিয়ান টেনিসে এক নতুন উজ্জ্বল অধ্যায়ের সূচনা হল। সিনার হলেন প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় যিনি উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi

এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়, বরং ভবিষ্যতের টেনিস বিশ্বের শক্তি বদলের ইঙ্গিতও। ফেডেরার-জোকোভিচ-নাদালদের পর, নতুন যুগে সিনার-আলকারাজ দ্বৈরথই হতে চলেছে টেনিসের নতুন কাহিনি। তা আর বলার অপেক্ষা রাখে না।