নিউজ পোল ব্যুরো: মিশন সফল, এবার ঘরে ফেরার পালা। ভারতের মহাকাশযাত্রী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন । আজ থেকেই শুরু হবে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু। শুভাংশুদের পৃথিবীতে ফেরার গোটা প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করবে নাসা।স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং সবটাই হবে চোখের সামনে।
ভারতের মহাজাগতিক উত্থানের প্রথম ধাপটি অ্যাক্সিয়ম-৪ মিশনের মাধ্যমে শেষ হচ্ছে, যাকে মিশন আকাশ গঙ্গাও বলা হয়েছে। সফলভাবে মহাকাশে তো পৌঁছেছেন চার মহাকাশচারী। তবে ফেরার প্রক্রিয়া অত্যন্ত কঠিন। যা নিয়ে উদ্বেগে থাকে গোটা বিশ্ব। একচুল একদিক ওদিক হলেই ঘটতে পারে মারাত্মক বিপদ। তাই গোটা দেশের মানুষই প্রার্থনা করছেন শুভাংশুরা যাতে নিরাপদে পৃথিবীতে ফিরতে পারেন। এই যাত্রার নেতৃত্বদানকারী হিউস্টন-ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস ঘোষণা করেছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮টি ঘটনাবহুল দিন কাটানোর পর, অ্যাক্সিওম মিশন ৪ (অ্যাক্স-৪) ক্রুরা তাদের বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। কমান্ডার পেগি হুইটসন, পাইলট শুভাংশু শুক্লা এবং মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপু কক্ষপথে তাদের শেষ দিনটি কাটিয়ে ব্যাগ প্যাক শুরু করে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Wimbledon 2025: একটা যুগের অবসান আর নতুন যুগের সূচনা? জোকোভিচের পরাজয় কি তাই ইঙ্গিত করছে?
ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করবে শুভাংশুদের মহাকাশযান। মহাকাশে তাদের দেওয়া হবে বিদায় সম্বর্ধনা। সূত্রের খবর, ফেয়ারওয়েল অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে । শুভাংশু-সহ চার মহাকাশচারীকে বিদায় সম্বর্ধনা দেবেন নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য। সেই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ভারতীয় সময় সোমবার দুপুর দুটো নাগাদ শুরু হবে আনডকিং প্রক্রিয়া। আনডকিং শেষ হলেই শুভাংশুরা পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবেন । এই দু’টি প্রক্রিয়া সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। এটা বলার অপেক্ষা রাখে না শুভংশুদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে গোটা বিশ্ব। আর ভারতীয়রা অপেক্ষা করছে ইতিহাস গড়ে মহাকাশ অভিযান শেষে ঘরের ছেলের ঘরে ফেরার।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi
