নিউজ পোল ব্যুরো: চলতি বছরের শেষেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। ফের একবার ক্ষমতায় আস্তে মরিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বছর শেষে নির্বাচনে জিততে গেলে বেশ চাপে পড়তে পারেন নীতিশ কুমার (Nitish Kumar)। তাই ভোটের আগে রাজ্যের মানুষের কল্যাণে মন দিয়েছেন জেডিইউ প্রধান। ভোটমুখী বিহারে বইছে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির বন্যা। বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সকল গ্রাহকের জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করেছেন।
সম্ভবত অক্টোবর বা নভেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন কমিশন এখনও সঠিক তারিখ ঘোষণা করেনি। এই আবহে বিহারের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, “আমরা শুরু থেকেই কম দামে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে ১ আগস্ট, ২০২৫ থেকে, অর্থাৎ জুলাইয়ের বিল থেকেই, রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না।” বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ঘোষণা বিহার নির্বাচনে নীতিশের মাষ্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রীর (Nitish Kumar) মতে, এই ঘোষণার ফলে রাজ্যের মোট ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের গৃহস্থালির গ্রাহকদের সম্মতিতে বাড়ির ছাদে বা কাছাকাছি জনসাধারণের স্থানে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। নীতিশ কুমার বলেন, এই সিদ্ধান্ত আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। কুটির জ্যোতি প্রকল্পের আওতায়, রাজ্য সরকার অত্যন্ত দরিদ্র পরিবারের জন্য সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্পূর্ণ খরচ বহন করবে এবং বাকিদের জন্য উপযুক্ত সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, বুধবার নীতিশ কুমার শিক্ষা বিভাগের কর্তাদের সরকারি স্কুলগুলিতে শিক্ষকের শূন্য পদ চিহ্নিত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ পরীক্ষা (TRE)-4 প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
