যাত্রীসুরক্ষায় ফাঁক! এয়ার ইন্ডিয়ার গাফিলতিতে ৫১টি ত্রুটি, DGCA-র চূড়ান্ত সতর্কবার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: আকাশে ওড়ার আগে চোখ বন্ধে ভরসা রাখা যায় না! আর সেটা ফের প্রমাণ করে দিল এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রীসুরক্ষা সংক্রান্ত ভয়াবহ গাফিলতি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ডিজিসিএ-র (DGCA) বার্ষিক নিরীক্ষায় উঠে এলো ৫১টি ত্রুটি। এর মধ্যে সাতটি গুরুতর, লেভেল-১ ক্যাটাগরির, যা যে কোনও সময় বড়সড় বিপদের কারণ হতে পারে। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো কী কী ত্রুটি চিহ্নিত হয়েছে এবং কী পদক্ষেপ নিচ্ছে ডিজিসিএ।

আরও পড়ুন: Meghalaya Murder ‘হানিমুন ইন শিলং’-এ উঠে আসছে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের বাস্তব কাহিনী

এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রীসুরক্ষায় গলদের ‘হাফসেঞ্চুরি’! ডিজিসিএ-র (DGCA) সাম্প্রতিক অডিটে ধরা পড়েছে মোট ৫১টি সুরক্ষা সংক্রান্ত ত্রুটি, যার মধ্যে ৭টি গুরুতর (Level-1)। এই গুরুতর ত্রুটিগুলিকে গুরুত্ব দিয়ে সংশোধনের জন্য সংস্থাকে ৩০ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ডিজিসিএ। বাকি ৪৪টি ত্রুটি সংশোধনের জন্য নির্ধারিত হয়েছে ২৩ আগস্ট পর্যন্ত সময়।

এই অডিটটি পরিচালিত হয়েছিল ১ থেকে ৪ জুলাই পর্যন্ত সময়কালে। মোট ১০ জন ইন্সপেক্টর এবং ৪ জন অতিরিক্ত অডিটর মিলে এই তদন্ত করেন। তারা এয়ার ইন্ডিয়ার (Air India) একাধিক বিমান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দিকগুলো খতিয়ে দেখেন।

এই রিপোর্ট সামনে আসতেই তৈরি হয়েছে চাঞ্চল্য। কারণ, এর কিছুদিন আগেই ১২ জুন আহমেদাবাদ (Ahmedabad) থেকে লন্ডনগামী (London) এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের ঠিক পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৫০ জনেরও বেশি যাত্রীর। যদিও ডিজিসিএ (DGCA) জানিয়েছে, বর্তমান অডিটের সঙ্গে সেই দুর্ঘটনার কোনও সরাসরি যোগ নেই। এটি একটি নিয়মিত বা বার্ষিক সেফটি অডিট মাত্র।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, এই ত্রুটিগুলি এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। ইতিমধ্যেই ২৩ জুলাই ডিজিসিএ তিনটি পৃথক নোটিস পাঠিয়ে কর্তৃপক্ষকে জবাবদিহির নির্দেশ দিয়েছে। এখন দেখার, চূড়ান্ত সময়সীমার মধ্যেই এয়ার ইন্ডিয়া সব ত্রুটি সংশোধন করে যাত্রীসুরক্ষা নিয়ে নিজেদের উপর থাকা আস্থা ফিরিয়ে আনতে পারে কি না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT