Abhishek Banerjee: কল্যাণের ‘ইস্তফা-বোমা’ সামাল দিতে অভিষেকের ফোন, ৭ আগস্ট বৈঠকে জট খুলবে কি?

দেশ

নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসে (TMC) লোকসভা দলনেতা বদল ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক নাটকের পরিপ্রেক্ষিতে চিফ হুইপ পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ইস্তফা রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তৎপর হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, অভিমানী কল্যাণকে ফোন করে অভিষেক তাকে অনুরোধ করেন, যেন তিনি এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেন এবং আগামী তিনদিন আগের মতোই চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। অভিষেক (Abhishek Banerjee) জানিয়ে দেন, ৭ আগস্ট দিল্লিতে (Delhi) তার সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তিনি। সেখানেই হবে সমস্ত বিষয়ে খোলাখুলি আলোচনা।

আরও পড়ুন: TMC: তৃণমূলের অন্দরে উত্তপ্ত স্নায়ুযুদ্ধ, মহুয়াকে দেখেই ‘অভিশপ্ত দিন’ কল্যাণের মন্তব্যে জল্পনা তুঙ্গে

এর আগে সোমবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানান, লোকসভা দলের নেতৃত্বে পরিবর্তন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হচ্ছেন নতুন দলনেতা। সূত্রের খবর, লোকসভায় দলের সক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দলনেত্রী। সেই মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানান, “যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে আমার থাকার কোনও মানে হয় না।” এরপর তিনি সরাসরি ইস্তফার কথা ঘোষণা করেন এবং লোকসভার পিছনের সারিতে বসার অনুরোধ জানান কাকলি ঘোষ দস্তিদারকে।

তিনি আরও অভিযোগ করেন, “আমাকে কেউ গালাগাল দিলে আমি চুপ করে থাকব? দিদি কেন বলছেন আমি ঝগড়া করছি?” এক্স-এও নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ। এই অবস্থায় অভিষেকের হস্তক্ষেপ পরিস্থিতি কতটা স্বাভাবিক করতে পারে, তা ৭ তারিখের বৈঠকেই স্পষ্ট হবে। আপাতত কল্যাণের ইস্তফা স্থগিত হলেও, দলে ভাঙন রোধে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole