নিউজ পোল ব্যুরো: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খবরের শিরোনামে ছিলেন ভারতের পেস বোলার আকাশদীপ (Akash Deep)। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন আকাশদীপ। বঙ্গ পেসার আকাশদীপ (Akash Deep) সম্প্রতি একটি নতুন কালো রঙের ফরচুনার গাড়ি কিনেছেন। তবে এই গাড়ি কিনে ভারতীয় পেসার বেজায় সমস্যায় পড়েছেন। উত্তর প্রদেশের পরিবহন বিভাগ আকাশদীপকে একটি নোটিশ পাঠিয়েছে। এর পাশাপাশি গাড়ির ডিলারের কাছে আরও একটি নোটিশ পাঠানো হয়েছে।
উত্তর প্রদেশ পরিবহন বিভাগ আকাশদীপ (Akash Deep) এবং সানি মোটরস ডিলারশিপ মেসার্স চিনহাট, লখনউয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় মোটর যানবাহন বিধি, ১৯৮৯ এর নিয়ম ধারা ৪৪ এর অধীনে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। আকাশদীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি উচ্চ নিরাপত্তা রেজিস্ট্রার প্লেট (HSRP) ছাড়াই গাড়িটি ব্যবহার করছিলেন। চিনহাটের এই ডিলারশিপকে এক মাসের জন্য যানবাহন সরবরাহ থেকে ব্যান করা হয়েছে। কারণ এই ডিলার গাড়ির রেজিস্ট্রার সম্পূর্ণ না করে এবং HSRP প্লেট ছাড়াই গাড়িটি সরবরাহ করেছিলেন।

ইংল্যান্ডে ভালো পারফর্ম করার পর আকাশদীপ তার সাফল্য উদযাপন করতে গাড়িটি কিনেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে ভারত। এই সিরিজের একটি ম্যাচ ড্র হয়েছিল। দুটি ম্যাচ জিতেছিল ভারত এবং দুটি ইংল্যান্ড। আকাশদীপ একটি ফরচুনার কিনতে চেয়েছিলেন। আকাশদীপের ইচ্ছাই ছিল সেটা। তাই গাড়িটি কেনার পর তিনি তার পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন “স্বপ্নপূরণ হল, চাবি হাতে তাদের সঙ্গে যারা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
