নিউজ পোল ব্যুরো: টলিউডে বর্তমানে অন্যতম চর্চিত নাম অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। ‘পিলু’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পরিচিতি পাওয়ার পর থেকেই বড়পর্দায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে ফেলেছেন, কখনও শাকিব খানের সঙ্গে, কখনও দেব কিংবা সোহম চক্রবর্তীর মতো তারকাদের বিপরীতে। এবার শোনা যাচ্ছে, তিনি নাকি কাজ করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
আরও পড়ুন: Raj Chakraborty: “লুকিয়ে পড়া সেই প্রেম আজ পর্দায়! বুদ্ধদেব গুহকে স্মরণে রাজ চক্রবর্তী!
ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো—পরিচালক নাকি আগামী ছবির জন্য ইধিকার (Idhika Paul) নাম ভেবেছেন। যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কৌশিক বর্তমানে দেব-অভিনীত ‘ধূমকেতু’র প্রচারে ব্যস্ত, পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও শেষ করেছেন। অন্যদিকে, ইধিকারও আগামী এক মাসের দিনপঞ্জি একেবারেই ঠাসা। ফলে এই নতুন ছবির ব্যাপারে এখনই চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে জল্পনা থামছেই না।
এদিকে, ২৯ অগস্ট মুক্তি পাচ্ছে ইধিকা-সোহম জুটির ছবি ‘বহুরূপ’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। সাধারণ দর্শকের কাছে এখনও ‘কিশোরী’ গানটির জন্যই আলাদা করে মনে পড়ে ইধিকার কথা। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই ক্রমশ এগোচ্ছেন তিনি। এর পাশাপাশি, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’-তেও থাকছেন ইধিকা। প্রথমে শোনা গিয়েছিল ভিসাজনিত সমস্যার কারণে তিনি ছবিতে থাকছেন না। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার নিশ্চিত হয়েছে—জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকেও। সূত্রের খবর, ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন ইধিকা।
টানা একের পর এক ছবিতে ব্যস্ত থাকার কারণে টেলিভিশনে আর দেখা যাচ্ছে না তাঁকে। তবে বড়পর্দায় যে তিনি ক্রমশ নিজের দাগ কাটছেন, তা বলাই বাহুল্য। বিশেষত শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’তে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’ এবং সোহমের সঙ্গে ‘বহুরূপ’—সব মিলিয়ে তাঁর ঝুলিতে এখন একাধিক উল্লেখযোগ্য কাজ।
তবে দর্শকের কৌতূহল এখন একটাই—কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা কি সত্যিই ইধিকা পাল হচ্ছেন? যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক কিংবা অভিনেত্রী কেউই। তাই ভক্তদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে। নতুন খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইধিকার অনুরাগীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
