নিউজ পোল ব্যুরো: কলকাতার তাবড় সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির (Kolkata College Admission) হার আশঙ্কাজনক হারে কমছে। লেডি ব্রেবোর্ন, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী থেকে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ প্রায় সব ক্ষেত্রেই অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকার আশঙ্কা। তবে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ এখনও আশাবাদী।
আরও পড়ুন:Suhana Khan: সালমনের ভাইপোর সঙ্গে পার্টিতে নাচে মত্ত সুহানা, অগস্ত্য কি তবে অতীত?
কলকাতার একাধিক ঐতিহ্যবাহী কলেজে ভর্তি (Kolkata College Admission) প্রক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। শুক্রবার থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জট কাটতেই শুরু হয়েছে প্রথম দফার ভর্তি। ২৫ অগস্টের মধ্যে ভর্তি শেষ হওয়ার কথা হলেও, শহরের তাবড় কলেজগুলিতে সাড়াশব্দ খুব একটা মিলছে না পড়ুয়াদের তরফে।
৮৬ বছরের ঐতিহ্যবাহী মহিলা কলেজ লেডি ব্রেবোর্নের কলা ও বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা ৬২৯। সোমবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র ১৮০ জন। অর্থাৎ প্রায় ৭০ শতাংশ আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কলেজের অধ্যক্ষা শিউলি সরকার (Shuli Sarkar) জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটি ও মামলার জটিলতার কারণে ভর্তির গতি মন্থর হলেও এখনও সময় আছে।
একই ছবি দেখা যাচ্ছে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজেও। কলা, বিজ্ঞান, বাণিজ্য ও আইন মিলিয়ে মোট আসন সংখ্যা তিন হাজারের বেশি হলেও, প্রথম দফায় ভর্তি হয়েছে মাত্র ৮৫০ জন। অধ্যক্ষ ইন্দ্রনীল করের আশঙ্কা, দ্বিতীয় দফার আপগ্রেডেশন ও ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাওয়ার প্রবণতার ফলে অন্তত অর্ধেক আসন ফাঁকা থেকে যাবে।
তবে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ কিছুটা আলাদা। গত বছর যেখানে ভর্তি (Kolkata College Admission) হয়েছিল প্রায় ২০০০ জন, এ বছরও তেমন প্রবণতা থাকবে বলেই মনে করছেন অধ্যক্ষ মানস কবি। ইংরেজি, মাইক্রোবায়োলজি, জার্নালিজম ও সাইকোলজি বিভাগের আসনগুলোতে সাড়া মিললেও, বিশুদ্ধ বিজ্ঞান বিষয়গুলিতে পড়ুয়াদের আগ্রহ কমছে বলে জানান তিনি। তাঁর দাবি, চাকরিমুখী বিষয়গুলিতেই এখন ছাত্রছাত্রীদের ঝোঁক বেশি। বঙ্গবাসী কলেজ ও উত্তর কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজেও একই ছবি। দু’টি কলেজেই প্রথম দফায় ভর্তি হয়েছে মোট আসনের অর্ধেকেরও কম। দর্শন, সংস্কৃত ও অর্থনীতির মতো বিষয়ে ভর্তি কার্যত নেই বললেই চলে।
সার্বিকভাবে রাজ্যের ৪৬০টি কলেজে প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার আসন থাকলেও, আবেদনকারীর সংখ্যা মাত্র সাড়ে ৩ লক্ষ। অর্থাৎ অর্ধেকের বেশি আসন (Kolkata College Admission) ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কলেজ কর্তৃপক্ষ মনে করছেন, ওবিসি সংরক্ষণ মামলার জটের জন্যই ভর্তি প্রক্রিয়ায় দেরি হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় দফায় কিছুটা হলেও ছবি পাল্টাবে, এমনটাই তাঁদের আশা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
