Vice President Election: নতুন ছকে উপরাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল, দিল্লিতে এনডিএ-ইন্ডিয়ার প্রস্তুতির যুদ্ধ শুরু

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) ঘিরে চরম উত্তেজনা। রাজধানী দিল্লি যেন পরিণত হয়েছে এক ‘রাজনৈতিক কুরুক্ষেত্রে’। যুযুধান দুই শিবির- এনডিএ (NDA) এবং ইন্ডিয়া জোট। নিজেদের সাংসদদের নিয়ে শুরু করেছে জোরকদমে প্রস্তুতি। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ‘মক পোল’ বা অনুশীলনী ভোটাভ্যাস। অভিজ্ঞ সাংসদদের সঙ্গে সঙ্গে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নবনির্বাচিতদের প্রশিক্ষণে। তিনদিনের এই রাজনৈতিক কর্মশালার শেষে এনডিএ সাংসদদের নিয়ে আয়োজিত হচ্ছে বিশেষ নৈশভোজ, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে। পালটা চাল হিসেবে ইন্ডিয়া জোট তাদের সাংসদদের নিয়ে বৈঠকে বসছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে।

আরও পড়ুন: Mumbai Bomb Threat: ৩৪ মানববোমায় মুম্বই বিস্ফোরণের হুমকি, নয়ডা থেকে গ্রেফতার বিহারী প্রৌঢ়

এই নির্বাচন (Vice President Election) নিয়ে জটিলতা এবং উত্তেজনা দুটোই তুঙ্গে। কারণ আগেরবারের তুলনায় এবার সংসদের দুই কক্ষে এনডিএ ও বিরোধীদের ব্যবধান অনেক কম। অর্থাৎ, সামান্য কিছু ‘ক্রস ভোট’ই পাল্টে দিতে পারে গোটা ফলাফল। সেক্ষেত্রে, ভোট হবে গোপন ব্যালটে। ফলে নির্দিষ্ট শিবির থেকে বিচ্যুতি হওয়ার আশঙ্কা আরও বেশি।

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আচমকা পদত্যাগ করায় নতুন প্রার্থী নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। এনডিএর তরফে মনোনীত হন সংঘপন্থী ও মোদী-শাহ ঘনিষ্ঠ মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান (CP Radhakrishnan) । অন্যদিকে, ইন্ডিয়া জোট চমকে দেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করে। দু’জনেরই শিকড় দক্ষিণ ভারতে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে। আর এখানেই রয়েছে আরও এক কূটনৈতিক চাল। লোকসভার অধ্যক্ষ পদ না পাওয়ায় মনঃক্ষুণ্ণ চন্দ্রবাবু নায়ডুকে খুশি করতেই রাধাকৃষ্ণানকে প্রার্থী করা হয়েছে বলেই ধারণা।

অন্যদিকে, সুদর্শনও চন্দ্রবাবুর প্রাক্তন ঘনিষ্ঠ। অর্থাৎ, ইন্ডিয়া জোটও ছুঁড়েছে ‘এক ঢিলে দুই পাখি’র পালটা চাল। সব মিলিয়ে স্পষ্ট, উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) শুধু একটি পদে নির্বাচন নয়। তা হয়ে উঠেছে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্মাণের মঞ্চ। এবার ফলাফল নির্ধারণ করবে শুধু সংখ্যা নয়, কৌশল, সম্পর্ক আর বিশ্বাস যোগ্যতা।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole