Blood Moon : আকাশে ‘ব্লাড মুন’, চন্দ্রগ্রহণ ঘিরে বৈজ্ঞানিক বার্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: আজ, রবিবার (৭ সেপ্টেম্বর) বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে আকাশ। রাত ৮টা ৫৮ থেকে শুরু হয়ে সোমবার ভোররাত ২:২৫ পর্যন্ত দেখা যাবে চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রহণের সময় রাত ১১টা থেকে ১২টা ২২ পর্যন্ত আকাশে ভেসে উঠবে লালচে চাঁদ, যাকে বলা হয় ‘ব্লাড মুন(Blood Moon)। প্রায় ৮২ মিনিট ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য।

আরও পড়ুন: Durgapur Pujo 2025 : দুর্গাপুরে পুজোয় থিম গানে উমার আগমনির বার্তা, ভোকালে ভরসা লোকাল শিল্পীরা

চন্দ্রগ্রহণকে ঘিরে সমাজে আজও নানা কুসংস্কার প্রচলিত। কারও বিশ্বাস, গ্রহণকালে রান্না করা খাবার খাওয়া যায় না, আবার কেউ মনে করেন গ্রহণের সময় নদীতে স্নান করলে পাপমোচন হয়। এই অন্ধবিশ্বাস ভাঙতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ(West Bengal Bigyan Manch) বরাবর কাজ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রগ্রহণ রাহু-কেতুর কোনও অলৌকিক খেলা নয়, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রাকৃতিক ঘটনা। আজকের এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করাতে কলকাতার(Kolkata)একাধিক জায়গায় বিশেষ আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ(West Bengal Bigyan Manch)। যাদবপুরের রায়পুর গার্লস হাইস্কুলের ছাদ থেকে টেলিস্কোপে দেখানো হবে চাঁদের গ্রহণ। এই অনুষ্ঠানের মূল স্লোগান, “কুসংস্কারমুক্ত মন নিয়ে এসো, টেলিস্কোপে আকাশ চেনো।” একই সঙ্গে কসবা, তিলজলা, পার্ক সার্কাস, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা-সহ বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে খুদে ও সাধারণ মানুষকে লালচে চাঁদ দেখার সুযোগ করে দেবে বিজ্ঞান মঞ্চ( Bigyan Manch)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়াও কুসংস্কার দূর করতে লিফলেট বিলি করা হবে। এমনকি খুদেদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অনলাইন ফর্ম, যেখানে তারা চন্দ্রগ্রহণ নিয়ে নিজেদের মতামত জানাতে পারবে। এতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও জনমত সমীক্ষা দুটোই সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের(West Bengal Bigyan Manch) পক্ষ থেকে বলা হয়েছে, চন্দ্রগ্রহণ কোনও অশুভ ঘটনা নয়, বরং প্রকৃতির সৌন্দর্য। এর সঙ্গে বিষক্রিয়া বা দুর্যোগের কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এবং সমাজকে যুক্তিবাদী পথে আনতে এই সংগঠন কাজ করে চলেছে। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ।চন্দ্রগ্রহণকে ঘিরে উৎসাহ যেমন প্রবল, তেমনই বৈজ্ঞানিক চেতনা ছড়িয়ে কুসংস্কারের অন্ধকার কাটাতেই এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ(West Bengal Bigyan Manch)।