নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর উৎসব মানেই বাড়িতে বিশেষ খাবারের আয়োজন। লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে মানানসই এক অনন্য রেসিপি (Recipe) হলো চিজি আলুর দম। চেনা আলুর দমের স্বাদে নতুন মাত্রা আনতে চিজ, ক্রিম ও কাজুবাদামের মিশ্রণে এই পদ তৈরি করা যায় খুব সহজেই।
আরও পড়ুন: Thecha Paratha Recipe: ওজন বাড়বে নাকি কমবে? উত্তর লুকিয়ে আছে থেচা পরোটায়!
উপকরণ:
ছোট আলু – ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি – ১টি বড়, আদা-রসুন বাটা – ১ চামচ, টমেটো বাটা – আধ কাপ, কাজুবাদাম বাটা – ২ চামচ, হলুদ – আধ চামচ, লঙ্কা গুঁড়ো – ১ চামচ, জিরে ও ধনে গুঁড়ো – ১ চামচ করে, গরম মশলা – আধ চামচ, নুন – স্বাদ মতো।
চিজ – আধ কাপ (মোৎজারেলা বা চেডার), ফ্রেশ ক্রিম – ¼ কাপ, কসৌরি মেথি – আধ চামচ, তেল – পরিমাণ মতো, ধনেপাতা – ২ চামচ।
প্রস্তুতি:
প্রথমে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান চিরে নিন। কড়ায় তেল গরম করে আলুগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। একই তেলে পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে এক মিনিট নাড়ুন। টমেটো বাটা যোগ করে মশলা কষান।
এবার হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো মিশিয়ে দিন, সামান্য জল দিয়ে মশলা তেল ছাড়ানো পর্যন্ত রান্না করুন। এরপর কাজুবাদাম বাটা ও নুন দিয়ে মিশিয়ে নিন। ভাজা আলুগুলো কড়ায় দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিন। প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে দিন যাতে মশলার স্বাদ আলুর মধ্যে ঢুকে যায়।
ঝোল ঘন হলে গ্রেট করা চিজ ও ক্রিম মিশিয়ে নাড়ুন যতক্ষণ না চিজ গলে যায়। সবশেষে কসৌরি মেথি ও গরম মশলা দিয়ে মিশিয়ে নিন।
পরিবেশন:
চিজি আলুর দম একটি সুন্দর পাত্রে তুলে নিন। উপরে স্লাইসড চিজ, ফ্রেশ ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন। দুর্গাপুজোর ভোজে এই পদ লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে অতিথিদের মন জয় হবেই।
চেনা আলুর দমে নতুন স্বাদের ছোঁয়া এনে এই রেসিপি (Recipe) হতে পারে আপনার পুজোর স্পেশাল চমক। সহজ রেসিপি হলেও এতে রয়েছে রেস্টুরেন্ট-স্টাইল স্বাদ, যা ছোট-বড় সবার মন ভরিয়ে দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
