নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিকরণের স্বার্থে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা SIR-র প্রক্রিয়ায় আধার কার্ডকে ১২তম প্রমাণপত্র হিসেবে যুক্ত করতে হবে, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সোমবার একগুচ্ছ স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশনকে।
আরও পড়ুন: Calcutta University Ranking: ১৬৮ বছরের ঐতিহ্যে আঘাত! NIRF তালিকায় তলানিতে কলকাতা বিশ্ববিদ্যালয়
আদালত সাফ জানিয়েছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় SIR পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য। নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনে আধার যাচাই করতে পারবেন, তবে এই নিয়ম আপাতত শুধুমাত্র বিহারে প্রযোজ্য থাকবে। সুপ্রিম কোর্টে আরজেডি-র পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও ভোটার তালিকায় আধার গ্রহণে গড়িমসি করছে নির্বাচন কমিশন। এমনকি একজন বুথ লেভেল অফিসার (BLO) আধার গ্রহণ না করার জন্য কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছেন, যা আইন ও আদালতের নির্দেশ অমান্যের সামিল।
সিব্বলের সওয়াল, “আধার কার্ড তো এখন সাধারণ মানুষের সবচেয়ে সহজলভ্য নথি। যদি সেটাকেই মান্যতা না দেওয়া হয়, তাহলে কার স্বার্থে তালিকা তৈরি হচ্ছে? দরিদ্রদের বাদ দেওয়ার চক্রান্ত?” নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এবং কমিশন নাগরিক কিনা তা যাচাই করার অধিকার রাখে। কিন্তু বিচারপতিরা স্পষ্ট করেন, “যদি ভোটার তালিকায় গ্রহণযোগ্য ১১টি নথির মধ্যে পাসপোর্ট ও জন্ম শংসাপত্র ছাড়া অন্য কোনওটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, তাহলে আধার কেন বাদ যাবে?”
এই যুক্তিতর্কের মাঝেই আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন স্মরণ করিয়ে দেন, ‘Representation of the People Act’-এর ২৩(৪) ধারা অনুযায়ী আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য। তাই কোনও দোটানার জায়গা নেই। শেষপর্যন্ত শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, ভোটার তালিকার বিশেষ সমীক্ষা SIR-এর ক্ষেত্রে আধার কার্ডকে স্বীকৃতি দিতে হবে। কমিশনও এই সিদ্ধান্তে সম্মত হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
