নিউজ পোল ব্যুরো: নতুন রাজ্য কমিটি গঠনের আগে বঙ্গ বিজেপিতে (Bengal BJP) শুরু হয়েছে জোর অন্তর্কলহ। অনেকেই সংগঠনের দায়িত্ব ছাড়াও আগামী বিধানসভা ভোটে টিকিটের জন্য আগ্রহ প্রকাশ করছেন। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা ভোটে লড়বেন, তাদের সংগঠনের কোনও পদে রাখা হবে না। এই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য বিজেপির (Bengal BJP) অন্দরে তৈরি হয়েছে মতবিরোধ, যা প্রভাব ফেলতে পারে শীঘ্রই ঘোষিত হতে চলা রাজ্য কমিটির গঠনে।
এদিকে, চলতি মাসেই মহালয়ার পরদিন কলকাতায় (Kolkata) দুর্গাপুজোর (Durgapuja) একটি অনুষ্ঠান উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করে দিতে পারেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দল চাইছে, অমিত শাহর সফরের সময় নতুন টিমের সঙ্গে তার একটি বৈঠকও করানো হোক।
সূত্রের খবর, এই নতুন কমিটিতে বহু পুরনো নেতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে। আবার বাদ পড়ছেন বেশ কয়েকজন বর্তমান পদাধিকারীও। রাজ্য সাধারণ সম্পাদক পদে বর্তমানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল ও জ্যোতির্ময় সিং মাহাতো। তাদের মধ্যে তিনজনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শেষ মুহূর্তের খবর। সহ-সভাপতি ও সম্পাদক পদেও কিছু পরিবর্তন আসতে চলেছে।
তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এই প্রশ্নে, সংগঠনের দায়িত্বে থাকা নেতারা ভোটে লড়বেন কি না। রাজ্যের একাংশ নেতা চাইছেন, তারা সংগঠনে থেকেও ভোটে দাঁড়ানোর সুযোগ পান। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এবং শমীক ভট্টাচার্য উভয়েই এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন—দু’টি ভূমিকায় একসঙ্গে থাকা চলবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই দ্বন্দ্ব ও চাপানউতোরের জেরে রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটছে। তবে অনুমান করা হচ্ছে, মহালয়ার আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করে দেবে বঙ্গ বিজেপি (Bengal BJP)। রাজ্য রাজনীতিতে এই রদবদল কেবল দলে ভারসাম্য আনবে না, আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশলেও বড় প্রভাব ফেলতে চলেছে।
