Shahrukh Khan: বিজ্ঞাপনের দায়ে মামলায় নাম জড়াল শাহরুখ–দীপিকার, পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের দুই তারকা শাহরুখ খান (Shahrukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) হঠাৎ করেই জড়িয়ে পড়েছিলেন এক প্রতারণা মামলায়। রাজস্থানের (Rajasthan) ভরতপুরে দায়ের হওয়া ওই মামলায় অভিযোগ ছিল, তাঁরা একটি নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার প্রচার করেছেন, অথচ সেই গাড়ির প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। সম্প্রতি আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে খানিকটা স্বস্তি মিলেছে দুই তারকার কাছে।

আরও পড়ুন:Sudipta Chakraborty: নন্দন নিয়ে ক্ষোভে ফুঁসছেন সুদীপ্তা, ছোট পরিচালকদের ছবি বঞ্চিত হলে এর প্রয়োজন কী- প্রশ্ন অভিনেত্রীর!

অভিযোগকারী কীর্তি সিংহ (Kirti Singha), ভরতপুরের বাসিন্দা। তিনি ২০২২ সালের জুন মাসে হরিয়ানার (Hariyana) সোনীপত থেকে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকা দিয়ে সংস্থার একটি গাড়ি কেনেন। অভিযোগ, মাত্র ছয় থেকে সাত মাস ব্যবহার করার পরেই গাড়িতে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে। দ্রুত গতিতে চালালে বিকট শব্দ হত, গাড়ি কাঁপার মতো অনুভূতি হতো, আরও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। কীর্তি সংস্থার কাছে গেলে তাঁকে জানানো হয়, এগুলি গাড়ির উৎপাদন সংক্রান্ত ত্রুটি, যা মেরামত সম্ভব নয়। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন। ভরতপুরের সিজেএম (CJM court) কোর্ট নং ২ মথুরা গেট থানাকে এফআইআর (FIR) দায়েরের নির্দেশ দেয়। সেই এফআইআরে শাহরুখ (Shahrukh Khan) ও দীপিকার নামও জড়ায়, যাঁরা ওই গাড়ির বিজ্ঞাপনে মুখ হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য বিষয়, শাহরুখ খান (Shahrukh Khan) ১৯৯৮ সাল থেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত এবং বহু বছর ধরে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে সংস্থাটির সঙ্গে যুক্ত হন এবং গত বছরই দু’জনকে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপন প্রচারের পর থেকেই অভিযোগ ওঠে যে, তারকারা এমন একটি গাড়ির প্রচার করছেন, যার গুণগত মান নিয়ে প্রশ্ন আছে।

দুই তারকার আইনজীবী আদালতে জানান, কোনও ব্র্যান্ডের পণ্যের গুণমান বা প্রযুক্তিগত ত্রুটির দায় তারকার নয়। তাঁরা কেবল বিজ্ঞাপনে অংশ নেন, কিন্তু গাড়ির উৎপাদন বা মান নিয়ন্ত্রণে তাঁদের কোনও ভূমিকা থাকে না। আদালত আপাতত তাঁদের বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। এখন দেখার বিষয়, আদালত কী রায় দেয়। তবে আপাতত শাহরুখ ও দীপিকা, যাঁরা বলিউডের পাশাপাশি বড় বড় ব্র্যান্ডের পরিচিত মুখ, সাময়িক স্বস্তি পেলেন। কিন্তু এই মামলার ভবিষ্যৎ নিয়ে বিনোদন দুনিয়া থেকে ব্যবসা মহল সবার নজর এখন আদালতের দিকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole