নিউজ পোল ব্যুরো: নন্দন নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তাঁর অভিযোগ, ছোট প্রযোজক বা স্বাধীন পরিচালকদের ছবি দেখানোর জন্য যে উদ্দেশ্যে নন্দন তৈরি হয়েছিল, আজ সেই মূল লক্ষ্যই বিস্মৃত। সাম্প্রতিক ছবি ‘অহনা’ (Ahana) এবং এর আগে ‘আপিস’ (Aapis) কোনওটিই নন্দনে জায়গা পায়নি। বুধবার সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি আনন্দবাজার অনলাইনকে জানান, ‘‘আমার অভিনীত কোনও বাংলা নাটক সরকারি হলে দেখানো হয়নি, কোনও বাংলা ছবি সরকারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এটা কি নিছক কাকতালীয়?’’ তাঁর প্রশ্নে স্পষ্ট শোনা গেল ক্ষোভের সুর।
আরও পড়ুন: Charlie Kirk: বক্তৃতার মঞ্চেই মৃত্যু, গুলির আঘাতে লুটিয়ে পড়লেন ট্রাম্পঘনিষ্ঠ চার্লি কার্ক
আরজি কর (R.G.Kar)-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের উপর সরকারের কোপ নেমেছে বলেই টলিপাড়ায় জল্পনা। এ প্রসঙ্গেই সুদীপ্তা (Sudipta Chakraborty) কটাক্ষ করে বলেন, ‘‘খাঁড়া সরে গেলে এই প্রশ্ন তুলতাম? শাপমুক্ত হইনি বলেই আমার দু’টো ছবি কোথাও দেখানো হল না। অথচ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই ছবিগুলো জায়গা পেয়েছে।’’ তাঁর দাবি, ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় পরিচালক সুদেষ্ণা রায়ের ছবিতে অভিনয় করায়, সেখানেও তাঁর ওপর আঘাত এসেছে।
শাসকদলের সাংসদ দেবের ছবিও নন্দনে (Nandan) দেখানো হয় না এই প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সুদীপ্তা (Sudipta Chakraborty) বলেন, ‘‘দেবের ক্ষমতার সঙ্গে ছোট পরিচালকদের ক্ষমতার তুলনা চলে? ওঁর ছবি হলে না এলেও প্রথম সারির প্রেক্ষাগৃহ আছে। কিন্তু প্রমিতা ভৌমিকের ‘অহনা’ কোথায় দেখবেন সাধারণ মানুষ?’’ শুধু সিনেমা নয়, নাট্যমঞ্চ থেকেও তাঁর কাজকে সরকারি ভাবে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি অভিনেত্রীর। ভবিষ্যতে কোনও পদক্ষেপ করবেন কিনা প্রশ্ন শুনে তিনি কটাক্ষে বলেন, ‘‘কাকে বললে কাজ হবে তা-ই জানি না। সরকারের সঙ্গে আমার ওঠাবসা নেই।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
