Narendra Modi: নরেন্দ্র মোদীর শিবভক্তির আবরণে রাজনৈতিক বার্তা, ‘আমি নীলকণ্ঠ, সব বিষ গিলতে পারি’

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক আঘাতকে আত্মীকরণের রূপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অসম সফরে এসে সাম্প্রতিক বিতর্কে প্রথম মুখ খুললেন তিনি—সরাসরি আক্রমণ না করে, নিজের অবস্থানকে জুড়ে দিলেন ধর্মীয় আস্থার সঙ্গে। ‘আমি শিবভক্ত, আমিও বিষ গিলতে পারি’—এই কথার মধ্য দিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, বিরোধীদের কটূক্তি হজম করেও তিনি অটুট।

আরও পড়ুন: Bratya Basu announcement:নির্বিঘ্ন ও স্বচ্ছতার নকশায় এসএসসি দ্বিতীয় দফা পরীক্ষা সম্পন্ন, ‘মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড হবে’ ঘোষণা শিক্ষামন্ত্রীর!

সম্প্রতি বিহারে (Bihar) এক বিরোধী দলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi)প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয় বিতর্ক। গ্রেপ্তার হয় এক যুবক, দায়ের হয় এফআইআর। বিষয়টি যখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে, তখনই অসমের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) মন্তব্য, “আমি ভগবান শিবের ভক্ত। তিনি যেমন হালাহল বিষ গিলে নীলকণ্ঠ হয়েছিলেন, আমিও সমস্ত গালিগালাজ হজম করতে পারি।”

এই বক্তব্য কেবল আবেগপ্রবণ প্রতিক্রিয়া নয়, ছিল সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও। মোদী বলেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর ঈশ্বরতুল্য, তার রিমোট কন্ট্রোল হাতে রয়েছে জনতার। সেইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “যারা আমার মাকে অপমান করে, যারা দেশের সেনার বদলে পাকিস্তানের জঙ্গিদের পক্ষ নেয়, তারা আসলে দেশদ্রোহী।” অসমের ঐতিহাসিক অবহেলার প্রসঙ্গ তুলে মোদী আরও বলেন, “কংগ্রেস দশকের পর দশক অসম শাসন করেও ব্রহ্মপুত্রের ওপর মাত্র ৩টি সেতু বানাতে পেরেছে। অথচ বিজেপি সরকার গত ১০ বছরে ৬টি সেতু নির্মাণ করেছে।” অসমের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে মোদী দাবি করেন, “বর্তমানে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বিশ্বে সর্বাধিক। এই উন্নয়নের ধারায় অসমের অবদান ১৩%।” তিনি জানান, উত্তর-পূর্ব ভারতের উন্নয়নই বিকশিত ভারতের মূল চালিকা শক্তি হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole