নিউজ পোল ব্যুরো: জিএসটি (GST) সংস্কার নিয়ে কেন্দ্রের নয়া ঘোষণার ঠিক পরেই কড়া রাজনৈতিক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সরাসরি অভিযোগ, “জিএসটি-র (GST) আসল কৃতিত্ব রাজ্যের। ভাষণ ছাড়া কেন্দ্রের কোনও বাস্তব অবদান নেই। কাটল টাকা আমাদের, প্রচার হচ্ছে ওদের।”
রবিবার, মহালয়ার দিন কলকাতার (Kolkata) একাধিক দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মোদী সরকারকে (Modi Government) একের পর এক তির ছুঁড়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন রবিবার জাতির উদ্দেশে ভাষণে জিএসটির নতুন কাঠামো তুলে ধরছিলেন, তখনই পালটা বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি প্রথম জিএসটি ও বিমা তুলে নেওয়ার দাবি জানিয়েছিলাম। মানুষের অসুবিধা হচ্ছিল। অথচ এখন কেন্দ্র প্রচার করছে তারা দাম কমাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব ক্ষতি হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি। শুধু সেপ্টেম্বরেই প্রায় ৯০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র রাজ্যের জিএসটি রাজস্ব থেকে একতরফা টাকা কেটে নিচ্ছে, অথচ কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। উল্টে বিজেপি শাসিত রাজ্যগুলিকে ঘুরিয়ে টাকা দিচ্ছে। “১০০ দিনের কাজের টাকা, বিভিন্ন প্রকল্পের টাকা বকেয়া পড়ে আছে। কিন্তু কেন্দ্র তাতে নির্বিকার।” তবে এই কাঠামো পরিবর্তনের ফলে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবেন বলেও মত মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “মানুষের জন্য কিছু ভালো হলে, সেটা অবশ্যই আমি সমর্থন করি। কিন্তু এর কৃতিত্ব নেওয়ার অধিকার শুধু ভাষণ দিয়ে অর্জন করা যায় না।”
বস্তুত, জিএসটির নতুন কাঠামো অনুযায়ী এখন থেকে মাত্র ৫% ও ১৮% হারে কর বসবে, যার ফলে কিছু পণ্যের দাম কমবে। কিন্তু এই পরিবর্তনের পিছনে রাজ্যের ভূমিকা ও দীর্ঘদিনের দাবি থাকলেও, তার কোনও স্বীকৃতি না দিয়ে কেন্দ্র নিজেরাই কৃতিত্ব নিচ্ছে, এমনটাই অভিযোগ মমতার। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট, ২০২৪-এর লোকসভা ভোটের আগে কেন্দ্র-বিরোধী সুর আরও শানিত করতে প্রস্তুত তৃণমূল (TMC)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
