নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উঠে এসেছে সামাজিক ভাতা প্রকল্পগুলি। সাধারণ মানুষের কাছে এই ভাতার সুবিধা পৌঁছালেও বিরোধীরা দীর্ঘদিন ধরেই তা নিয়ে সমালোচনা করে আসছে। তবে বাস্তবে এর প্রভাব অস্বীকার করতে পারেনি তারা। যদিও বিজেপি বা বামফ্রন্ট সরাসরি নতুন ভাতা ঘোষণার পথে হাঁটেনি, তবুও ইতিমধ্যে চালু থাকা ভাতা বন্ধ করা হবে না। এই বার্তা স্পষ্ট করেছে বামফ্রন্ট।
শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। সেখানে মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, যার মধ্যে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের কথাও উল্লেখ করা হয়েছে। প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Bhawanipur: মমতার কেন্দ্রে জরুরি বৈঠক, উপস্থিত থাকছেন বক্সী ও ফিরহাদ
সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিদ্যুৎ পরিষেবায় ছাড়। যাঁরা আয়করদাতা নন, তাঁদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের পাশাপাশি মাসিক ৬০০০ টাকার ভাতার কথাও বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, বর্তমানে মহিলাদের ও যুবকদের যে ভাতা দেওয়া হচ্ছে, তা বন্ধ করা হবে না। নারী সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘অভয়া’ আবেগকে সামনে রেখে ‘অভয়া বাহিনী’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট।
ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আরএসএস-এর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক। তাঁর মতে, এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
