নিউজ পোল ব্যুরো: বলিউডের শুটিং সেটে অনেক সময়েই ঘটে যায় এমন কিছু মুহূর্ত যা অভিনেতা-অভিনেত্রীদের জীবনে স্থায়ী স্মৃতি হয়ে থেকে যায়। ঠিক তেমনই এক অভিজ্ঞতার কথা বহু বছর পরে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়া গিল (Priya Gill)। ‘জোশ’ (Josh) ছবির সেটে ঘটে যাওয়া এক ঘটনার স্মৃতি তিনি আজও ভোলেননি। কারণ, সেই দৃশ্যে তাঁকে কিং খান শাহরুখ খানের (Shah Rukh Khan) গালে সপাটে এক চড় মারতে হত, আর ভুলবশত সেটি গিয়ে দাঁড়ায় সরাসরি এক ঘুষিতে!
আরও পড়ুন:Dhanashree Verma: ধনশ্রীর বিরুদ্ধে খোরপোশ দাবি নিয়ে জল্পনা ভাঙলেন নৃত্যশিল্পী
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ ছবিতে শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই (AishwaryaRai), আর প্রিয়া ছিলেন তাঁরই সহ-অভিনেত্রী। এক গানের শুরুতেই প্রিয়ার চরিত্রের রাগ প্রকাশের জন্য চিত্রনাট্যে শাহরুখকে (Shah Rukh Khan) একটি চড় মারার নির্দেশ ছিল। কিন্তু সেই দৃশ্য সহজে শ্যুট হচ্ছিল না। বহুবার ‘টেক’ নেওয়ার পরেও পরিচালক মনসূর খান সন্তুষ্ট হচ্ছিলেন না। শটটি স্বাভাবিকভাবে আসছিল না। পরিচালক বার বার প্রিয়াকে বলছিলেন, যেন এক রাগী মেয়ে সত্যি সত্যিই জোরে মারছে। এমনকি শাহরুখ নিজেও বলেছিলেন, ‘‘মারো আমাকে… জোরে মারো!’’ এরপর চাপের মুখে হঠাৎই প্রিয়া জোরে হাত চালিয়ে ফেলেন। চড়ের বদলে তাঁর হাত গিয়ে আঘাত হানে শাহরুখের (Shah Rukh Khan) মুখে একেবারে ঘুষির মতো জোরে। সঙ্গে সঙ্গেই গোটা সেট নিস্তব্ধ হয়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘‘ক্যামেরা তখনও চলছিল। কিন্তু আমার এই কাণ্ড দেখে পরিচালকও হয়তো এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে ‘কাট’ বলতে ভুলে যান।’’
ঘটনার পর প্রিয়া আরও জানান, চিত্রগ্রাহক তাঁকে সতর্ক করে বলেছিলেন, শাহরুখকে (Shah Rukh Khan) এভাবে মারলে মহিলারা তাঁকে ঘৃণা করতে শুরু করবেন। কিন্তু শাহরুখ খান (Shah Rukh Khan) পুরো বিষয়টি অত্যন্ত নম্র ও সহজভাবে সামলে নেন। বরং তিনি নিজে প্রিয়াকে শিখিয়ে দেন, কীভাবে এমন দৃশ্য ঠিকভাবে করতে হয় যাতে আঘাতও লাগে না আবার অভিনয়ের জোরও নষ্ট না হয়। প্রিয়া গিলের মতে, সেটে সেই মুহূর্তের চুপচাপ পরিবেশ এবং পরে শাহরুখের (Shah Rukh Khan) সৌজন্যমূলক আচরণ তাঁর মনে আজও গেঁথে আছে। প্রায় ২৫ বছর পরেও সেই অভিজ্ঞতা মনে পড়লে তিনি একইসঙ্গে অস্বস্তি ও মিষ্টি স্মৃতির স্বাদ পান। এক কথায়, শুটিং সেটে ঘটে যাওয়া একটি ভুলই তাঁর অভিনয় জীবনের অমলিন স্মৃতি হয়ে রয়ে গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
