Amit Shah: ‘সোনার বাংলা’র ডাক পুজোর মঞ্চ থেকেই, মায়ের আশীর্বাদে বাংলা জয়ের বার্তা অমিত শাহের

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: দুর্গোৎসবের আবহে রাজনীতির রং একবারে স্পষ্ট হয়ে উঠল শুক্রবার কলকাতার (Kolkata) সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানে পুজোর উদ্বোধনে এসে শুধু মণ্ডপ ঘোরা নয়, কার্যত ভোটবাক্সের হাওয়া ছড়িয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মায়ের আরতির পরই দিলেন রাজনৈতিক বার্তা, “মায়ের কাছে প্রার্থনা করেছি, যেন বাংলা জয়ের সুযোগ আসে, যেন গড়ে উঠতে পারে সোনার বাংলা।”

আরও পড়ুন: Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজ, পুজোর আগে মিলতে পারে মুক্তি?

মহালয়ার (Mahalaya) আগেই রাজ্যে পুজোর ঢাকে কাঠি পড়েছে, আর সেই উৎসবের আগেই বিজেপি শিবিরের সবচেয়ে হেভিওয়েট নেতা বাংলায় হাজির। সকালেই রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক সারেন শাহ, তারপর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে পৌঁছন। সেখানে তাকে স্বাগত জানায় ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’-এর স্লোগান। পুজোর উদ্বোধন মঞ্চ থেকেই শাহ (Amit Shah) তার বার্তায় তুলে ধরেন বাংলা সংস্কৃতি, ইতিহাস ও রাজনীতির মেলবন্ধন। বলেন, “বাংলা যেন আবার হয়ে ওঠে শান্ত, সুরক্ষিত, সমৃদ্ধ যেমনটা চেয়েছিলেন রবীন্দ্রনাথ।” একইসঙ্গে তিনি স্মরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানকে, বলেন, “নারীশিক্ষা এবং শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। শুধু বাংলা নয়, গোটা দেশের কাছে তিনি প্রেরণা।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই অমিত শাহ পুজোর মঞ্চ বেছে নিয়েছেন বিজেপির প্রচার শুরুর জন্য। বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে ২০১৯ সালের সেই বিতর্কিত ঘটনাকেও ‘পুনর্বিন্যাস’-এর চেষ্টা হিসেবে দেখছেন অনেকে, যখন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছিল। বঙ্গীয় আবেগ, ধর্মীয় আবহ ও ‘সোনার বাংলা’ নির্মাণের ডাক—এই তিন স্তম্ভে ভর করে আবারও বাংলার জনমানসে জায়গা করে নিতে মরিয়া গেরুয়া শিবির। প্রশ্ন একটাই: দুর্গাপুজোর এই কূটনৈতিক প্যান্ডেল হপিং কতটা কাজে দেবে বঙ্গ রাজনীতির মোড়ে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole