Coldrif cough syrup ban:পরপর ১১ শিশুর মৃত্যু, ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ এবার নিষিদ্ধ উত্তরপ্রদেশেও!

দেশ

নিউজ পোল ব্যুরো:মধ্যপ্রদেশে ১১ শিশুর মৃত্যু ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য। সন্দেহভাজন কফ সিরাপ ‘কোল্ডরিফ’ (Coldrif cough syrup ban)-এর ব্যবহারেই এই মর্মান্তিক মৃত্যুগুলি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন। তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল ও উত্তরাখণ্ডের পর এবার উত্তরপ্রদেশেও ওই সিরাপের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল যোগী সরকার।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/05/north-bengal-development-cm-criticism-durga-puja-carnival/

রবিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ‘কোল্ডরিফ’ সিরাপের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য লখনউয়ের ওষুধ পরীক্ষাগারে পাঠাতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যের কোথাও এই ওষুধ বিক্রি বা বিতরণ করা যাবে না। সরকারি ও বেসরকারি হাসপাতাল, ফার্মেসি এবং ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলিকে এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল বিভাগের এক পরীক্ষায় ধরা পড়েছে, ওই সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ‘ডাইথিলিন গ্লাইকল’ ও ইথিলিন গ্লাইকল— দুটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক উপাদান, যা মানবদেহের জন্য প্রাণঘাতী। এই তথ্য প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে একাধিক রাজ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গত কয়েকদিনে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্রে জানা গিয়েছে, সামান্য জ্বরের পর আচমকাই কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল শিশুদের। শুধু মধ্যপ্রদেশেই ১১ শিশুর মৃত্যু হয়েছে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “ছিন্দওয়ারায় শিশুদের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। রাজ্যজুড়ে কোল্ডরিফ সিরাপ (Coldrif cough syrup ban) বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সিরাপটি তৈরির কারখানা তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। ইতিমধ্যেই আমরা তামিলনাড়ু সরকারকে তদন্তে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছি।” মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সিরাপটি প্রেসক্রাইব করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসক ড. প্রবীণ সোনি-কে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। একইসঙ্গে, সিরাপের নির্মাতা সংস্থা স্রিসান ফার্মাসিউটিক্যালস-এর কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

সূত্রের আরও খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জরুরি বৈঠক করেছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে। বৈঠকে কফ সিরাপের গুণমান যাচাই ও যথেচ্ছ ব্যবহার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

দেশজুড়ে এখন প্রশ্ন একটাই— একটি শিশুদের কাশির ওষুধ কীভাবে ‘বিষ’ হয়ে উঠল? তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ।