নিউজ পোল ব্যুরো: অভূতপূর্ব দুর্যোগের মুখে দাঁড়িয়ে যখন উত্তরবঙ্গ জর্জরিত, ঠিক সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফর নতুন করে আশার সঞ্চার করছে। ৮ অক্টোবর, বুধবার শিলিগুড়ির (Siliguri) ব্যাংডুবিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। তবে শুধু আনুষ্ঠানিকতা নয়, বিজেপি (BJP) সূত্রে খবর, সরকারি কাজের বাইরেও উত্তরবঙ্গের (North Bengal) বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন: Calcutta University: উপাচার্যের কুর্সিতে পালাবদল, শান্তার পর আশুতোষের যাত্রা শুরু
গত শনিবার রাতভর অঝোর বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা অতিরিক্ত জলের ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। প্রাণ গেছে অন্তত ২৭ জনের, বহু মানুষ গৃহহীন। রাস্তাঘাট, সেতু, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এমন সংকটকালে রাজনৈতিক বিভেদ ভুলে সর্বদল ঐক্যবদ্ধভাবে উদ্ধার ও পুনর্গঠনের বার্তা দিচ্ছে। এই আবহেই শাহের (Amit Shah) সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে (Amit Shah) বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। একই সুর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কথায়। উত্তরবঙ্গ বিজেপির কো-অর্ডিনেটর শ্যামচাঁদ ঘোষের কথায়, “শুধু শাহ নন, আমরা চাই রাজনাথ সিংও আসুন পরিস্থিতি নিজের চোখে দেখতে।”
এদিকে, দুর্যোগপীড়িত এলাকায় সোমবার পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। উত্তেজিত জনতার ইটবৃষ্টিতে খগেন মুর্মুর চোখের নিচের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, দিল্লি থেকে নিয়মিত ফোন করে তাঁর খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ এলে তিনি হাসপাতালে গিয়ে খগেনবাবুর সঙ্গে দেখা করবেন বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসে স্থানান্তরের বিষয়টিও ভাবা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
