Saugata Roy: রাত নামলেই নারীর স্বাধীনতা গৃহবন্দি? সৌগতের মন্তব্যে ঘনাচ্ছে বিতর্কের মেঘ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিরাপত্তা না থাকলেই কেন মেয়েদের চলাচল প্রশ্নের মুখে পড়বে? দুর্গাপুরে (Durgapur) ডাক্তারি পড়ুয়া ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তার বক্তব্য, “অত রাতে কলেজ থেকে বেরনো উচিত নয়”, আর সেই মন্তব্যই ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এই প্রসঙ্গে অনেকেই মনে করছেন, প্রশাসনের ব্যর্থতা চাপা দিতে মেয়েদের উপরই দোষ চাপানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গের বন্যায় ক্ষয়ক্ষতির দায় ভুটানের, রিভার কমিশনের দাবি তুলে ক্ষতিপূরণের তোপ মুখ্যমন্ত্রী মমতার

দুর্গাপুরে (Durgapur) ডাক্তারি পড়ুয়া তরুণীর উপর নারকীয় ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কিত মন্তব্য করে বসলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সংবাদমাধ্যমে তিনি (Saugata Roy) বলেন, “অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়। প্রতিটি রাস্তায় পুলিশ পাহারা সম্ভব নয়, তাই সাবধান হওয়া উচিত।” এই মন্তব্যের জেরে নতুন করে প্রশ্ন উঠেছে, নারীর উপর দোষ চাপিয়ে কি প্রশাসনিক ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে শাসকদল?

এদিকে, দুর্গাপুরের (Durgapur) সেই বেসরকারি হাসপাতালের সিসিটিভি ফুটেজ বলছে, নির্যাতিতা এবং তার সহপাঠী রাত ৭টা ৫৮ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন। ৯টা ২৯ মিনিটে তারা ফিরে আসেন, এবং ৯টা ৩২ মিনিটে নির্যাতিতা হস্টেলে প্রবেশ করেন। অর্থাৎ রাত ১০টা নয়, ঘটনাটি ঘটে সন্ধ্যার মধ্যেই। তাহলে প্রশ্ন উঠছে, ঠিক কতটা ‘রাত’ হলে একজন নারীকে রাস্তায় না থাকার পরামর্শ দেওয়া হবে? বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকেই এই মন্তব্য। নারী কখন আক্রান্ত হচ্ছেন, সেটা প্রশ্ন নয়! প্রশ্ন হলো, কেন আক্রান্ত হচ্ছেন? নিরাপত্তার দায় প্রশাসনের।”

এখানেই মূল বিতর্ক, একদিকে যখন ‘কন্যাশ্রী’, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর মতো কর্মসূচি নিয়ে রাজ্য সরকার নারী স্বাধীনতার প্রচার করছে, অন্যদিকে শাসকদলেরই এক প্রবীণ সাংসদ এমন মন্তব্য করে সেই বার্তাকে দুর্বল করছেন। নারীর চলাফেরা সময় দিয়ে মাপা যাবে না। প্রশ্নটা সময়ের নয়, রাষ্ট্রের দায়িত্ববোধের। নিরাপত্তার অভাবে যদি নারীদের ঘরে বসে থাকতে হয়, তাহলে সেটা কোনো উন্নয়নশীল সমাজের চিত্র হতে পারে না। বরং এই মানসিকতার বিরুদ্ধে রাস্তায় নামা উচিত, প্রতিবাদে সরব হওয়া উচিত এটাই সময়ের দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole