নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ভুটানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার অভিযোগ, ভুটান থেকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ার ফলেই উত্তরবঙ্গে ‘ম্যান মেড’ বন্যার সৃষ্টি হয়েছে, প্রাণহানি ও বিপুল সম্পত্তি নষ্ট হয়েছে। একই সঙ্গে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি বহুবার ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের দাবি তুলেছি। কিন্তু কেন্দ্র কোনও গুরুত্ব দেয়নি। এখন সময় এসেছে ভুটানকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার।”
আজ সোমবার নাগরাকাটায় প্রশাসনিক সফরে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) রাজ্যের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। নিজে হাতে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। সেখান থেকেই ফের একবার এই ইস্যুতে সুর চড়ান তিনি। বলেন, “এত বড় ক্ষয়ক্ষতি ভুটানের (Bhutan) জলের কারণে হয়েছে। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্র শুধু চুপ করে বসে থাকে। আমরা এতবার বলেছি, তবু ইন্দো-ভুটান রিভার কমিশন গঠিত হয়নি।”
তার আরও বক্তব্য, ১৬ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় বৈঠক রয়েছে। রাজ্য সেখানেও প্রতিনিধি পাঠাবে এবং ফের রিভার কমিশনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এবার আর চুপ করে থাকলে চলবে না। উত্তরবঙ্গে যেভাবে নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে হঠাৎ নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রাকৃতিক নয়, সম্পূর্ণরূপে ‘ম্যান মেড’ বা মানুষের তৈরি দুর্যোগ।
রাজ্য সরকারের মতে, ভুটান নিয়ম না মেনে হঠাৎ জল ছেড়েছে, কেন্দ্র আবার দীর্ঘদিন ধরে নদী কমিশন গঠনের প্রয়োজনীয়তায় উদাসীন থেকেছে এই দুইয়ের জেরেই আজকের বিপর্যয়। তাই কেন্দ্র ও ভুটান উভয়েরই দায়িত্ব রয়েছে এই বিপর্যয়ের দায় নেওয়ার। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উত্তরবঙ্গের বন্যা-রাজনীতিকে এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের গাফিলতি ও আন্তর্জাতিক কূটনীতির অপারগতাকে সামনে এনে রাজ্য এবার আরও আগ্রাসী অবস্থানে যেতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
