নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে কন বানেগা ক্রোড়পতি-র মঞ্চে আলো কাড়ল মাত্র ন’বছরের ইশিত ভাট। তার ‘মুখে মুখে কথা’ বলার ধরন এতটাই মজাদার ছিল যে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পরই আলোচনায় উঠে আসে আধুনিক পেরেন্টিং (Parenting) নিয়ে নানা দিক। কারণ আজকের ব্যস্ত জীবনে অফিসের চাপ, সংসারের দায়িত্ব আর সন্তানের যত্ন সব মিলিয়ে অভিভাবকদের ভূমিকা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। শিশুরা স্বভাবতই চঞ্চল, কখনও দুষ্টুমি করে আবার কখনও অবাধ্যও হয় (Child being difficult)। সাধারণত একটা গম্ভীর দৃষ্টি বা কঠোর নির্দেশে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, এই কড়া ব্যবহারের ফলে সন্তান ও অভিভাবকের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর সেই দূরত্ব মেটানোর এক অভিনব উপায় হিসেবে উঠে আসছে ‘কিডাল্টিং’ (Kidulting)।
বিশেষজ্ঞ মনোবিদ সৌমি চক্রবর্তী বলেন, “অনেক সময় বাবা-মা কর্মক্ষেত্রের কারণে সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন না। এতে সন্তান ঠিকঠাক গাইডেন্স পায় না। আবার বাবা-মাকে দোষ দেওয়াও ঠিক নয়, কারণ তাঁদেরও নিজস্ব দায়িত্ব আছে। তাই এখানে সবচেয়ে জরুরি ব্যালেন্স তৈরি করা।” সেই ভারসাম্য রক্ষায় কার্যকর হতে পারে কিডাল্টিং—যেখানে বড়রা সচেতনভাবে নিজেদের মধ্যে থাকা শিশুসুলভ দিকটা জাগিয়ে তোলেন। যেমন—বোর্ড গেম (Board Game) খেলা, ছবি আঁকা (Drawing), বা নিছক আনন্দে কিছু করা।
আরও পড়ুন :Uttarakhand Tour:নন্দাদেবীর কোলে হারানো জনপদে নতুন প্রাণ, পর্যটনের ছোঁয়ায় জেগে উঠছে মর্তোলী
চেন্নাইয়ের এক হাসপাতালের সিনিয়র সাইকিয়াট্রি কনসালট্যান্ট ডাঃ পদ্মা প্রিয়া বলেন, “যখন অভিভাবকরা সন্তানদের সামনে নিজের ভিতরের শিশুটিকে তুলে ধরেন, তখন সন্তানরা একটি নিরাপদ ও ভালোবাসায় ঘেরা পরিবেশে নিজেদের প্রকাশ করতে শেখে।” তিনি আরও জানান, শুধুই শাসনের মধ্যে সন্তান বেড়ে উঠলে ভয় তৈরি হয়, কিন্তু মজাদার, হালকা মেজাজের পরিবেশে তারা সহজে কথা বলে, খোলে মন। তবে তিনি সতর্ক করে বলেন, “শুধুই খেলা নয়, ডিসিপ্লিন (Discipline), ঘুম (Sleep), ও খাবারের (Food Habits) মতো মৌলিক অভ্যাস গড়ে তোলা জরুরি।”
কিডাল্টিং শুধু সন্তান পালনের কৌশল নয়, বরং এটি বড়দের স্ট্রেস (Stress) কমানোরও এক উপায়। ব্যস্ত দিনের মাঝখানে ছোট একটি প্লে ব্রেক (Play Break) যেমন আঁকিবুঁকি, পাজল (Puzzle), বা ছোট কোনও খেলা —মনকে সতেজ করে তোলে। সপ্তাহে একদিন হাতে-কলমে কিছু বানানো, বোর্ড গেম নাইট আয়োজন, বা প্রিয় নস্টালজিক কর্নার (Nostalgia Corner) তৈরি করাও সম্পর্ককে দৃঢ় করে। এমনকি কয়েক মিনিট মনোযোগ দিয়ে জিগস পাজল বা গার্ডেনিং (Gardening) করলেই সন্তান-অভিভাবকের যোগাযোগ গভীর হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অর্থাৎ কিডাল্টিং আজ আর নিছক খেলার বিষয় নয়। এটি এক সচেতন পেরেন্টিং কৌশল, যেখানে দায়িত্ববোধ আর হাসিখুশি মনোভাব পাশাপাশি চলে। এই মজার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সন্তানকে করে তোলে আত্মবিশ্বাসী, সংবেদনশীল আর নিরাপদ।
