Pankaj Dheer: কর্ণের অমর মুখ পঙ্কজ আর নেই! স্মৃতিচারণে ভীষ্ম মুকেশ খন্না

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টেলিভিশনের পর্দায় কর্ণের রূপে এক অনন্য ছাপ রেখে গিয়েছিলেন অভিনেতা পঙ্কজ (Pankaj Dheer)। বি আর চোপড়ার পরিচালনায় ‘মহাভারত’-এর এই চরিত্র তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার চূড়ায়। সোমবার, ১৫ অক্টোবর তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে আসে গোটা ইন্ডাস্ট্রিতে। অনুরাগী থেকে সহকর্মী, সকলেই স্মরণ করেছেন কর্ণের অমর প্রতিমূর্তি হয়ে ওঠা সেই মানুষটিকে। পঙ্কজের সঙ্গে বহু দৃশ্যে অভিনয় করা সহ-অভিনেতা মুকেশ খন্না (ভীষ্ম) স্মৃতিচারণ করলেন এক আবেগঘন ভিডিয়ো বার্তায়।

আরও পড়ুন:Arbaaz Khan: ৫৮ বছরে আবারও বাবা! কন্যাসন্তানকে কোলে নিয়ে খুশিতে ভাসছেন আরবাজ খান

মুকেশ জানান, পঙ্কজের (Pankaj Dheer) মৃত্যু একেবারেই আকস্মিক। বছরখানেক আগেই নিজের পডকাস্ট অনুষ্ঠানের জন্য তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন মুকেশ, যদিও সেই সময় অভিনেতাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল। পঙ্কজ নাকি পুরনো দিন নিয়ে কথা বলতে চাননি। পরবর্তীতে মাসকয়েক আগে তাঁকে আবারও সাক্ষাৎকারের প্রস্তাব দেন মুকেশ, কিন্তু তখন তিনি অসুস্থ ছিলেন।

সেই স্মৃতিময় দিনগুলিতে ফিরে গিয়ে মুকেশ বলেন, ‘‘আমি ভেবেছিলাম কর্ণ বা অর্জুনের চরিত্রে অভিনয় করব। কিন্তু ঈশ্বর আমার জন্য ভীষ্মের চরিত্র রেখেছিলেন। আর কর্ণের ভূমিকায় এলো পঙ্কজ (Pankaj Dheer)।’’ বিস্ময় প্রকাশ করে তিনি আরও জানান, ‘‘পঙ্কজ আসল ‘মহাভারত’ কোনও দিন পড়েননি। শুধু কর্ণের দৃষ্টিকোণ থেকে লেখা ‘মৃত্যুঞ্জয়’ উপন্যাস পড়েছিলেন। তাই তাঁর মনে হত, চোপড়ার সিরিজে অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়ে গেছে। আমি মজা করে বলতাম, ও কনভেন্টে পড়া পাণ্ডব!’’

পঙ্কজ (Pankaj Dheer) কেবল অভিনেতা নন, চলচ্চিত্রজগতের এক নিবেদিত কর্মীও ছিলেন। তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল মুকেশেরই প্রথম ছবি ‘রুহি’র সহকারী পরিচালক হিসাবে। মাত্র ৩০০ টাকা বেতনে শুরু করা সেই তরুণের অধ্যবসায়ই তাঁকে পরবর্তীকালে এনে দেয় কর্ণের অমর মর্যাদা। মুকেশের ভাষায়, ‘‘খুব সৎ, উৎসাহী, আর নিবেদিত মানুষ ছিল পঙ্কজ।’’ পিতাও ছিলেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, কিন্তু নিজের জায়গা তৈরি করেছিলেন নিজ প্রচেষ্টায়। আজ পঙ্কজ (Pankaj Dheer) আর নেই, তবু কর্ণের চোখে তাঁর মুখ আজও টেলিভিশনের পর্দায় জ্বলজ্বল করে এক অবিনশ্বর প্রতিমার মতো।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole