Jeet: ‘সুপারস্টার’ ইমেজ বদলাতে জিৎ এখনও সতর্ক, টোটার মতে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে দর্শক পাবেন নতুন জিৎ-কে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২৫ বছরের পুরনো বন্ধুত্বের গল্প এখন পর্দায় ধরা দিতে চলেছে নতুন রূপে। পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে একসঙ্গে কাজ করছেন টোটা রায়চৌধুরী ও জিৎ (Jeet)। এই ছবিতে বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকায় জিৎ (Jeet) এবং তাঁকে তাড়া করা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে টোটা। দীর্ঘ দিন পর এই দুই অভিনেতা আবার একসঙ্গে শুটিং ফ্লোরে, আর সেই অভিজ্ঞতার কথাই জানালেন টোটা রায়চৌধুরী।

আরও পড়ুন:Bangladesh: ‘বৃহত্তর বাংলাদেশ’ বিতর্কে ফের আগুন, ইউনুসের হাতে পাকিস্তানের সঙ্গে নতুন সমীকরণ!

শনিবার কলকাতার এক শুটিং সেট থেকে আনন্দবাজার ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে টোটা বললেন, “অ্যাকশন বলার আগে পর্যন্ত জিৎ (Jeet) খুব চেনা। কিন্তু শব্দটা কানে গেলেই ও যেন অন্য মানুষ হয়ে যায়! আমি বহু বছর ধরে ওকে দেখছি। এই ছবিতে দর্শক একদম অন্য জিৎ (Jeet)-কে দেখতে পাবেন।”

পাভেলের ‘অসুর’ কিংবা নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ় ‘খাকী: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ নিজের পরিচিত ঘেরাটোপ ভেঙে নতুন চরিত্রে দেখা গিয়েছিল জিৎ (Jeet)-কে। অভিনয় দক্ষতার প্রশংসা করেছিলেন সমালোচকেরাও। তা সত্ত্বেও কেন তিনি বারবার ফিরে আসেন বাণিজ্যিক ঘরানায়— সেই প্রশ্নের জবাবে টোটার সোজা মন্তব্য, “আমরা অভিনেতা। কিন্তু জিৎ তো বাংলার ‘সুপারস্টার’। এই তকমা বহন করা সহজ নয়। তাই ভিন্ন ধারার ছবিতে নামার আগে ওকে দশ বার ভাবতে হয়। কারণ দর্শকের প্রত্যাশা অনেক। ওর তকমার সঙ্গে মানানসই চরিত্র পেলেই ও রাজি হয়।”

নিজের চরিত্র নিয়েও আত্মবিশ্বাসী টোটা জানিয়েছেন, তিনি সচেতনভাবে বেছে কাজ করেন। গত বছর প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’-এও পুলিশ অফিসার ছিলেন তিনি, কিন্তু নতুন ছবিতে চরিত্রের ব্যাখ্যা এবং গঠন একেবারে আলাদা। “এখানে অনেক বছর পর পুরনো টোটাকে দেখবেন,” হাসিমুখে বললেন অভিনেতা। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর মাধ্যমে দর্শক এবার দেখতে পাবেন এক নতুন রূপে ‘সুপারস্টার’ জিৎ (Jeet)-কে— যিনি এবার গ্ল্যামার পেরিয়ে পৌঁছচ্ছেন ইতিহাসের গহীনে, এক বিপ্লবীর রক্তে লেখা সত্য কাহিনিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole