Abhishek Banerjee: SIR বিতর্কে আগুনে মঞ্চ অভিষেকের, নিশানায় নির্বাচন কমিশন ও বিজেপি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনীতিতে ফের তোলপাড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যে। ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে কার্যত কড়া সতর্কবার্তা দিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং SIR (Special Investigation on Residence) সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল (TMC) আগেই সরব হয়েছিল, কিন্তু এদিন অভিষেকের (Abhishek Banerjee) কণ্ঠে শোনা গেল আরও আক্রমণাত্মক সুর। তার স্পষ্ট হুঁশিয়ারি, “দেশ ছেড়ে পালাবেন না, যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসব।”

আরও পড়ুন: Tejashwi Yadav: তেজস্বীর ইস্তেহারে চাকরির সুনামি, এনডিএ শিবিরে চিন্তার ভাঁজ

অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, SIR-এর মাধ্যমে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে, এবং বিজেপির রাজনৈতিক অভিসন্ধি অনুযায়ী ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রশ্ন তুললেন তিনি, “অসমেও তো বাংলাদেশের (Bangladesh) সীমান্ত আছে, তাহলে সেখানে কেন SIR হচ্ছে না? কারণ বিজেপি ক্ষমতায় আছে বলেই।” তার দাবি, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন (Election Commission) যৌথভাবে বাংলাকে টার্গেট করছে শুধুমাত্র রাজনৈতিক লাভের আশায়।

তিনি বলেন, “বৈধ ভোটারের নাম বাদ দিলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না। একজনের নাম বাদ গেলে এক লক্ষ মানুষ কমিশনের দফতর ঘেরাও করবে। অমিত শাহের (Amit Shah) দিল্লি পুলিশ আটকানোর সাহস দেখাক।” একইসঙ্গে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “SIR করেও আমাদের ভোট কমবে না। বরং একুশে যা পেয়েছি, এবার তার চেয়ে এক আসন বাড়াব। বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনব।”

এখানেই থামেননি তৃণমূলের এই যুবনেতা। জ্ঞানেশ কুমারের উদ্দেশে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “আমি সাংসদ হিসেবে তাকে ওয়ার্নিং দিচ্ছি আজ না হোক কাল সরকার বদলাবে। তখন সংবিধান থাকবে, কিন্তু বিজেপি থাকবে না। সেই সময় জবাবদিহি করতে হবে। দেশের মাটিতে যেখানেই থাকবেন, মানুষ তাকে খুঁজে বের করবে।”

অভিষেক আরও বলেন, “জ্ঞানেশবাবু, বাংলা কোনও রাজ্য নয়, এটা এক সংস্কৃতি। অতিথি হয়ে আসুন, ইতিহাস পড়ুন। মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের সঙ্গে বাংলাকে এক করবেন না। বাংলা না থাকলে আপনারা যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটাই হয়তো থাকত না।” তৃণমূলের এই তীব্র প্রতিক্রিয়া ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। বিজেপি নেতৃত্ব যেখানে এই মন্তব্যকে “অসংযত” বলছে, সেখানে অভিষেকের বক্তব্যে রাজ্যের শাসকদলের আত্মবিশ্বাস স্পষ্ট, SIR নিয়ে রাজনীতি নয়, লড়াই মানুষের অধিকারের পক্ষে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole