নিউজ পোল ব্যুরো: বিহারে আসন্ন নির্বাচনের (Bihar Election) আগে রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে মহাগঠবন্ধন। তেজস্বী যাদব (Tejashwi Yadav) মঙ্গলবার প্রকাশ করলেন তাদের নির্বাচনী ইস্তেহার। নাম দিয়েছেন ‘তেজস্বী প্রাণ: সংকল্প পত্র ২০২৫’। ইস্তেহারের মূল স্লোগান, “সম্পূর্ণ বিহারের সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বীর প্রতিজ্ঞা, তেজস্বীর প্রাণ।” আর সেই ইস্তেহারের প্রচ্ছদে স্পষ্ট তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মুখ, প্রতিশ্রুতির বার্তা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র।
আরও পড়ুন: Prashant Kishor: বিহার থেকে বাংলা, দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোর! ঘনীভূত হচ্ছে বিতর্ক
ইস্তেহারের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘পরিবার পিছু একটি সরকারি চাকরি’ দেওয়ার ঘোষণা। তেজস্বীর (Tejashwi Yadav) দাবি, মহাগঠবন্ধন যদি ক্ষমতায় আসে, তবে সরকার গঠনের মাত্র ২০ দিনের মধ্যেই এই বিষয়ে আইন প্রণয়ন করা হবে। আর সেই আইন কার্যকর হওয়ার ২০ মাসের মধ্যেই প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্য সরকারি চাকরি পাবেন। শুধু তাই নয়, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদেরও স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে, সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও স্থায়ী সরকারি কর্মচারী হিসেবে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে, যাঁদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা।
নারীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হবে ‘মাই-বহিন মান যোজনা’, যার অধীনে প্রত্যেক মহিলাকে মাসে ২,৫০০ টাকা অর্থাৎ বছরে ৩০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং দরিদ্র পরিবারকে মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইস্তেহারে আরও বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যখাতে ২৫ লক্ষ টাকার বীমা সুবিধা থাকবে। বিধবা মহিলাদের জন্য মাসিক ভাতা, প্রবীণ নাগরিকদের মাসে ১,৫০০ টাকা (প্রতি বছর ২০০ টাকা করে বৃদ্ধি পাবে) এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য ৩,০০০ টাকা মাসিক আর্থিক সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে। তেজস্বী যাদবের দাবি, এই প্রতিশ্রুতিগুলি শুধুমাত্র ভোট-আশ্বাস নয়, তথ্য ও বাস্তবতার উপর ভিত্তি করে করা হয়েছে। তার কথায়, “আমরা ফাঁকা প্রতিশ্রুতি দিই না, আমরা বাস্তব পরিবর্তনের অঙ্গীকার করি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
