নিউজ পোল ব্যুরো: আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি এই ছয়টি প্রাচীন চিকিৎসাশাস্ত্রকে একত্রে নিয়ে আয়ুষ বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ মেলে অল ইন্ডিয়া আয়ুষ পোস্টগ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট বা এআইএপিজিইটি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার পর ভর্তির পুরো প্রক্রিয়া পরিচালনা করে আয়ুষ অ্যাডমিশনস সেন্ট্রাল কাউন্সেলিং কমিটি, সংক্ষেপে এএসিসিসি (AACCC)। চলতি শিক্ষাবর্ষে সেই কাউন্সেলিংয়ের সূচিতে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এএসিসিসি (AACCC)। মঙ্গলবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া যা শেষ হওয়ার কথা ছিল ২৭ অক্টোবর, তা এখন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রতি বছর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে পরীক্ষার আয়োজনের দায়িত্ব পালন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে ভর্তি করানোর পুরো প্রক্রিয়া পরিচালনা করে এএসিসিসি (AACCC)। নতুন সূচি অনুযায়ী, প্রার্থীরা ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নিজেদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন। আসন বরাদ্দের ফল প্রকাশিত হবে ৬ নভেম্বর, এবং নির্বাচিত প্রার্থীদের ৭ থেকে ১৪ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে নথিপত্র জমা দিতে হবে। এরপর শুরু হবে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের প্রক্রিয়া। এই রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হবে ১৭ ও ১৮ নভেম্বর।
নাম নথিভুক্ত করা যাবে ১৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, এবং পছন্দের আসন বাছাইয়ের সুযোগ থাকবে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। আসন বরাদ্দের ফলাফল ঘোষণা করা হবে ২৫ নভেম্বর, নির্বাচিতদের ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে কলেজে উপস্থিত হতে হবে। সবশেষে থাকবে স্পেশ্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এ রাউন্ডে আসন বরাদ্দ করা হবে ৮ ও ৯ ডিসেম্বর, ফল প্রকাশিত হবে ১০ ডিসেম্বর, এবং প্রার্থীদের ১১ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগ দিতে হবে। উল্লেখ্য, এআইএপিজিইটি পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা এমডি ও এমএস কোর্সে ভর্তির সুযোগ পান। এএসিসিসি (AACCC)-র এই নতুন সূচি প্রকাশের ফলে পড়ুয়াদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে, কারণ সময়সীমা বৃদ্ধি পাওয়ায় এবার আরও বেশি সংখ্যক যোগ্য প্রার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
