নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ বা অন্তর্ভুক্তি নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মধ্যে চলছে প্রকাশ্য লড়াই। একদিকে তৃণমূলের (TMC) হুঁশিয়ারি, “একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেই নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দফতর ঘেরাও করা হবে।” অপরদিকে বিজেপির পাল্টা সুর,“একজন অবৈধ ভোটারের নাম তালিকায় থাকলে আমরাই কমিশনের অফিস ঘেরাও করব।” এই উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজ্যের মাটিতে দাঁড়িয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
আরও পড়ুন: Narendra Modi: অন্ধ্রের মন্দিরে পদপিষ্টে মৃত্যু বেড়ে ১২, শোকপ্রকাশ ও আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর
শনিবার হাওড়ার বিজেপি কর্মী সম্মেলনে যোগ দিয়ে মিঠুন (Mithun Chakraborty) সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “পশ্চিমবঙ্গ এখন একমাত্র ধর্মশালা, যেখানে অভারতীয়রা খাটিয়া পেতে আরামে শুয়ে থাকে। অন্য কোনও রাজ্যে এরকম দৃশ্য দেখা যায় না।” তাঁর অভিযোগ, SIR ঘোষণার পর রাজ্যের শাসক দল ইচ্ছাকৃতভাবে আতঙ্কের আবহ তৈরি করছে, যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক ফায়দা তোলা যায়।
মিঠুনের (Mithun Chakraborty) তির্যক মন্তব্য, “নির্বাচন কমিশন কোথাও বলেনি যে হিন্দু বা ভারতীয় মুসলমানরা ভোট দিতে পারবে না। তাহলে এত অস্থিরতা কেন? কারা এই অভারতীয়দের জন্য পথে নামছে? তাদের প্রতি এত মমতা কেন?” তার মতে, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ দীর্ঘদিন ধরেই একটি গুরুতর সমস্যা, এবং SIR প্রক্রিয়ার মাধ্যমে সেই ভৌতিক ভোটের কৃত্রিম বলয় ভেঙে পড়বে বলেই তৃণমূল আতঙ্কে ভুগছে।
বিজেপি কর্মীদের উদ্দেশে মিঠুনের বার্তা স্পষ্ট, “এটাই আমাদের শেষ লড়াই। এই রাজ্যকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। এবার লড়াই আরও জোরদার হবে।” তার দাবি, “এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সীমান্তে চোরাপথে অনেক বাংলাদেশি পালাতে শুরু করেছে এটাই প্রমাণ, কারা এতদিন অবৈধভাবে এখানে ছিল।”
রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “এসআইআর যদি সঠিকভাবে হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই বক্তব্যের সঙ্গে আমি একমত।” একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ, “ভয় দেখানোই এখন ওদের একমাত্র হাতিয়ার। কারণ, যত ভৌতিক ভোট ছিল, সব হারানোর আশঙ্কায় তারা অস্থির।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
