নিউজ পোল ব্যুরো: অভিজিৎ সেনের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২ (Prajapati 2)’ এখন টলিউডে অন্যতম আলোচনার বিষয়। মিঠুন চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী আর দেব এমন তারকাখচিত লাইনআপের মাঝেও সবার নজর কেড়েছে একরত্তি অনুমেঘা কাহালি। ছোট্ট এই প্রতিভার উপস্থিতি যেন ছবির গল্পে মিষ্টি ছোঁয়া যোগ করেছে। শুটিং শেষ, ডাবিংও সম্পূর্ণ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজ়ার, আর দর্শক থেকে শুরু করে সাংবাদিক— সকলের কৌতূহলের কেন্দ্রে এখন এই শিশুশিল্পী।
আরও পড়ুন:Prajapati 2: ‘ধুমকেতু’ থেকে ‘প্রজাপতি ২’ ২০২৫ সাল জুড়ে দেবের দাপট!
ফোনে কথা বলতে বলতে একরত্তি অনুমেঘার গলায় ঘুমজড়ানো মিষ্টি ভাব। স্কুলের সেমেস্টার পরীক্ষা চলছে, পড়াশোনার ফাঁকে একটু বিশ্রাম নিয়েই কথা বলেছে সে। প্রশ্ন করা হল, ইংরেজি নাকি দেব আঙ্কল— কে বেশি প্রিয়? অনুমেঘা চোখ বুজে বলল, “ইংরেজি আমার প্রিয় বিষয়। পড়তে ভাল লাগে। দেব আঙ্কলও ভাল, খুব ভালবাসে আমায়। খেলা করেছে, চকলেট দিয়েছে। কিন্তু ইংরেজির মতো নয়।” কথাটির সরলতা শুনে অন্য প্রান্তে হেসে ফেললেন মা ঋতুপর্ণা কাহালি। তবে শৈশব হারিয়ে ফেলছে কি এই শিশুশিল্পী? মা সাফ বললেন, “ওর উত্তর শুনেই বুঝেছি, শিশুসুলভ মন একটুও হারায়নি। মেয়ে জানে, মিঠুন, আবীর, ঋত্বিক, পরমব্রত, দেব— এরা ওর সহ-অভিনেতা, ওদের সঙ্গে কাজ করে, কিন্তু ওদের সঙ্গে কাজই ওর কাছে সব। শুটিং মানে কাজ, এর বাইরে কিছু নয়।” তাই একের পর এক প্রজেক্টে না পাঠিয়ে বেছে কাজ করান তিনি। “মেয়ে ভালবাসে না বলে ফটোশুট বা মাচা শোতে পাঠাই না,” জানালেন ঋতুপর্ণা।

ছোট থেকেই অনুমেঘা অভিনয়, নাচ আর মিমিক্রিতে দারুণ পারদর্শী। কোনও অভিনেতা বা ধারাবাহিকের সংলাপ একবার শুনেই হুবহু বলে দিতে পারে সে। স্কুলেও নাচের অনুষ্ঠানের জায়গায় নাটকে সুযোগ পেয়েছে শুধুমাত্র সংলাপ বলার দক্ষতায়। মা তখনই বুঝেছেন, মেয়েকে যা ভাল লাগে তাই করতে দিলে আরও খুশি থাকবে।এখন সকলের অপেক্ষা ‘প্রজাপতি ২ (Prajapati 2)’-এ অনুমেঘাকে পর্দায় দেখার। দেব থেকে মিঠুন সবার সঙ্গেই জমজমাট দৃশ্যে রয়েছে একরত্তি। দর্শকের মনে আগাম ধারণা, এই ছবির আবেগের ডানায় ওড়ার গল্পে মিষ্টি সুর বাঁধবে ছোট্ট অনুমেঘাই। ‘প্রজাপতি ২ (Prajapati 2)’ তাই শুধু তারকাদের নয়, খুদে প্রতিভার ঝলকেও ভরপুর হতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
