নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে দেওয়া রায়কে ঘিরে আবারও তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এক ঐতিহাসিক রায়ে হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এমনটাই জানিয়েছে সরকারি পক্ষ। একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই শাস্তি পেয়েছেন। তবে মামলার তৃতীয় অভিযুক্ত প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আংশিক ক্ষমার ভিত্তিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: রায়ের আগে উত্তপ্ত রাজনীতি বাংলাদেশে, হাসিনার বিরুদ্ধে অভিযোগের তালিকা আলোড়ন
দশটা নাগাদ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণা শুরু করে। সরকার পক্ষ আদালতে জানায়, জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা থামাতে ব্যর্থ হওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নির্দেশ এবং দমন-পীড়ন রোধে প্রশাসনকে নিষ্ক্রিয় রাখাই ছিল অভিযুক্তদের প্রধান অপরাধ। আদালত বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট, টেলিফোন রেকর্ডিং এবং তদন্ত নথি থেকে উদ্ধৃত করে দাবি করে এই ঘটনাগুলি “মানবতার বিরুদ্ধে অপরাধের” পর্যায়ে পড়ে।
রায়ের সময় বিচারপতি বলেন, যে ফোনালাপগুলি আদালতে উপস্থাপন করা হয়েছে, সেগুলিকে প্রযুক্তিগত পরীক্ষায় এআই-নির্মিত বলে প্রমাণ পাওয়া যায়নি। সেই আলাপচারিতায় আন্দোলন দমনে কঠোর নির্দেশের ইঙ্গিত পাওয়া যায় বলেও আদালতের পর্যবেক্ষণ। আদালত আরও জানায়, ৫৪ জন সাক্ষীর বয়ান এই মামলার ভিত্তি শক্ত করেছে। তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয় হাসিনা ও কামালকে উস্কানি, হত্যার নির্দেশ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে নিষ্ক্রিয় রাখা।
রায় ঘোষণার সময় আদালতকক্ষে হাততালি উঠলেও বিচারপতি শান্ত থাকতে অনুরোধ জানান। সরকার পক্ষের আইনজীবীরা পরে বলেন, পলাতক থাকার কারণে শেখ হাসিনা (Sheikh Hasina) এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না এবং প্রয়োজন হলে রায়ের অনুলিপি ভারত সরকারের কাছে পাঠানো হতে পারে। এদিকে রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখতে ঢাকার টিএসসি কেন্দ্রসহ বিভিন্ন স্থানে বিপুল ভিড় জমে। একইসঙ্গে দেশজুড়ে অশান্তির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়; সেনা-পুলিশ টহল বাড়ানো হয় গুরুত্বপূর্ণ দফতর, আদালত ও উপদেষ্টাদের বাসভবনের সামনে। রবিবার রাতে ঢাকার দুটি অঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনাও আতঙ্ক বাড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
