শ্যমল নন্দী (বারাসাত): বারাসাতের হৃদয়ে দৃষ্টি কাড়ল এক মানবিক উদ্যোগ। শীতের শুরুতে যখন শ্বাসকষ্টের রোগীদের সমস্যার গ্রাফ দ্রুত চড়তে থাকে, ঠিক তখনই আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিনে তাঁর নামে গঠিত সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি ঘোষণা করল সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। মানবিকতার এমন দৃষ্টান্ত স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

১৯ নভেম্বর, বুধবার পরিষেবাটির উদ্বোধন করেন বারাসত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রায় চৌধুরী। উদ্বোধনস্থল থেকেই কাউন্সিলর কয়েকজন দুঃস্থ বয়স্ক মানুষের হাতে তুলে দেন শীতের কম্বল, ফল ও মিষ্টি—যা পুরো আয়োজনকে আরও মানবিক করে তুলেছে।
আরও পড়ুন: Orisha: নথি যাচাইয়ের পরও হেনস্থা! ওড়িশায় বাংলার ১০ শ্রমিককে ‘বাংলাদেশি’ বলে আটক
কমিটির তরফে জানানো হয়েছে, বছরের ৩৬৫ দিনই এক ফোনে পৌঁছে যাবে অক্সিজেন কনসেনট্রেটর, সঙ্গে থাকছে সম্পূর্ণ নতুন, বিনামূল্যের অক্সিজেন মাস্ক। কোনও ভাড়া নয়, কোনও জামানত নয়—মানুষের প্রয়োজনের মুহূর্তেই তাঁদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কাউন্সিলর কণিকা রায় চৌধুরীর কথায়, “এমন উদ্যোগ এক কথায় নজিরবিহীন। বারাসাতবাসীর প্রয়োজনে এটি আশীর্বাদ হয়ে উঠবে।”

একই দিনে হৃদয়পুর নবসোপানে সুভাষ রঞ্জন সেনগুপ্তর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ খাদ্য বিতরণ। শতাধিক দুঃস্থ শিশুকে বসে খাওয়ানোর পাশাপাশি বয়স্ক অসহায় মানুষদের হাতেও পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র।
বারাসাতের মত ঘনবসতিপূর্ণ শহরে এমন নিরবচ্ছিন্ন ও বিনামূল্যের মেডিক্যাল সাপোর্ট নিঃসন্দেহে বড় স্বস্তি এনে দেবে। শীতের মৌসুমে শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায় এই উদ্যোগ শহরের বহু পরিবারকে নতুন নিরাপত্তাবলয় দেবে। মানবিকতার এমন উদাহরণ স্থানীয় সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে, আর তুলে ধরছে সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মৃতিকে সত্যিকার অর্থে জীবন্ত রাখার প্রয়াস।
চিকিৎসা–সহায়তার অভাব যখন বহু পরিবারকে চিন্তায় ফেলে, তখন বারাসাতের এই অক্সিজেন পরিষেবা এক টুকরো ভরসা হয়ে উঠল। সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বছরের ৩৬৫ দিনই অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। নির্শিষ্ট ফোন নম্বরে ফোন করলেই অক্সিজেন কনসেনট্রেটারের সাথে পৌঁছে যাবে বিনামূল্যে নতুন অক্সিজেন মাস্কও।
